logo

হাইড্রোলিক হর্ন-বিকন লাইটের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

হাইড্রোলিক হর্ন-বিকন লাইটের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি
রাজধানীর যানবাহন। ছবি: প্রথম আলো

রাজধানীতে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর সকাল থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হবে।

অভিযানের আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণের জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Advertisement

এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘ঢাকা মহানগরে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, ‘অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আইন অনুযায়ী, যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইলেন্সার ব্যবহার করা হচ্ছে। এতে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত চার ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।’

আনিছুর রহমান আরও বলেন, ‘অটোরিকশা বা একই ধরনের যানবাহনেও উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে। এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি করপোরেশন এ ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এ ধরনের যানবাহনের বিরুদ্ধেও অভিযান চলবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলার মধ্যে চলে আসবে বলে আশা করি।’

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট