শীতের শুরুতেই অতিথি পাখির দখলে চলনবিল

শীত এখনও পুরোপুরি জেঁকে বসেনি। এরই মধ্যে অতিথি পাখির কোলাহলে মুখর হয়ে উঠেছে নাটোরের সিংড়ার বিস্তীর্ণ চলনবিল। সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুকসহ আরও নাম না জানা হাজারো অতিথি পাখির কলকাকলি বদলে গেছে চলনবিলের চিরচেনা দৃশ্য। জলরাশি আর সবুজ প্রকৃতির মাঝে পাখির ওড়াউড়ি তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্য।
স্থানীয়রা জানান, শীত পুরোপুরি জেঁকে বসার আগেই চলনবিলে লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। বিলের যেদিকেই চোখ যায়, শুধু পাখি আর পাখির মেলা। এসব পাখি বিলের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলছে। সেই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবেশ ও পাখিপ্রেমীরা এখানে আসেন। তবে জলাভূমি সংকোচন, পানির স্বল্পতা ও অবৈধ শিকার পাখিদের নিরাপদ বিচরণ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

আমজাদ হোসেন, মোজাম্মেল হোসেন ও দবির উদ্দিনসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, চলনবিলের জলাভূমির এলাকা অনেক কমে গেছে। এ ছাড়া কচুরিপানা থাকায় অতিথি পাখিদের বিচরণে বেশ সমস্যা হচ্ছে। অপরদিকে, সম্প্রতি অবৈধ পাখি শিকারিদের পাখি নিধনের কারণে পাখিদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে। পাখিদের জন্য কোনো অভয়াশ্রম নেই। কচুরিপানা অপসারণ, পাখিদের অভয়াশ্রম তৈরি এবং অবৈধ পাখি শিকারিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হলে অতিথি পাখিদের অবাধ বিচরণের জন্য চলনবিল আরও উপযোগী হবে বলে তারা আশা করেন।
নাটোরের সিংড়ার চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলে এ বছরও লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। বিশেষ করে শামুকখৈল, বালিহাঁস, পানকৌড়ি ও গাংচিল এবার বেশি দেখা যাচ্ছে। এসব পাখি একদিকে যেমন কৃষকের জমির পোকামাকড় খেয়ে নিচ্ছে, অন্যদিকে বিলের সৌন্দর্যও বৃদ্ধি করছে। পরিবেশ রক্ষায় তারা নিয়মিত কাজ করছেন।
তিনি আরও বলেন, পাখিগুলো এই বিলকে নিরাপদ মনে করছে বলেই এখানে আসছে। তবে চলনবিলের জলাশয়গুলো রক্ষণাবেক্ষণ করা দরকার। তাহলে বিলে পাখি ও মাছের জীববৈচিত্র্য সমৃদ্ধ থাকবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে।
সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, চলনবিল দেশের ঐতিহ্যবাহী একটি বিল। সিংড়া উপজেলা চলনবিল অধ্যুষিত এলাকা। এই বিলে শীতকালে প্রচুর অতিথি পাখি আসে। এর ফলে এখানকার সৌন্দর্য বৃদ্ধি পায়। পাখি ও প্রকৃতি দেখতে এখানে অনেক পর্যটক আসেন।

তিনি আরও বলেন, বিলের পাখিসহ অতিথি পাখি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া পরিবেশকর্মীরাও কাজ করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। চলনবিলে যেন পাখির অভয়াশ্রম গড়ে ওঠে, সেদিকে উপজেলা প্রশাসন খেয়াল রাখছে।
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, চলনবিলের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঐতিহ্যবাহী এই বিলে প্রতিবছর বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন বেশ গুরুত্বপূর্ণ। এবারও অতিথি পাখিরা আসতে শুরু করেছে। পাখি শিকারিদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান রয়েছে। আইন অমান্য করে পাখি শিকার করলে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
