logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মা ও ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন

মা ও ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন
আদালত প্রাঙ্গেণে দণ্ডপ্রাপ্ত আসামি শাহআলমক ও সোহাগ হোসেন। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের দস্তানাবাদে মা বিলকিস বেগম ও নিজের ছেলে আলিফ হোসেনকে হত্যার দায়ে শাহআলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া শাহআলমকে ৫০ হাজার টাকা এবং সোহাগকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি মিন্টুকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Advertisement

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহআলম সদর উপজেলার দস্তানাবাদ এলাকার শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে। খালাস পাওয়া মিন্টু ওই এলাকার ওয়াজ আলীর ছেলে।

নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, নিজের নামে থাকা সম্পত্তি ছেলের নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে শাহাদৎ সর্দারের সঙ্গে ছেলে শাহআলমের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ২০১৭ সালের ১৯ নভেম্বর দুপুরে শাহাদৎ সর্দার বাড়িতে স্ত্রী বিলকিস বেগম ও নাতি আলিফ হোসেনকে রেখে ঝলমলিয়া বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান।

সন্ধ্যায় বাড়িতে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করলে ছেলে শাহআলম ধারাল হাঁসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে নাটোর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় স্থানীয় লোকজন শাহআলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ সর্দার জানতে পারেন, তার স্ত্রী বিলকিস বেগম ও নাতি আলিফ হোসেনকে জবাই করে হত্যা করেছেন শাহআলম। এ ঘটনায় ২১ নভেম্বর তিনি ছেলে শাহআলমসহ চারজনকে আসামি করে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি শাহআলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরেকটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট