logo

রাজবাড়ীতে চেয়ারম্যান পদ ফিরে পেলেন নিষিদ্ধ আ.লীগ নেতা

রাজবাড়ীতে চেয়ারম্যান পদ ফিরে পেলেন নিষিদ্ধ আ.লীগ নেতা
আহমদ আলী। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সাবেক সভাপতি আহমদ আলী। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিন্ন দুটি মামলায় দুই দফায় কারাভোগের পর এবার হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক সরকারি চিঠিতে তাকে স্বপদে পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়।

Advertisement

সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে আহমদ আলীকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত ওই চিঠিটি রাজবাড়ী বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ আলী বরাবর পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহমদ আলী উপজেলা ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিন্ন দুটি মামলায় তাকে দুই দফায় কারাভোগ করতে হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে আবার চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।