logo

চাঁদপুরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, ক্ষমা চাইলেন প্রবাসী

চাঁদপুরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, ক্ষমা চাইলেন প্রবাসী
সংবাদ সম্মেলনে কথা বলছেন সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লা। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজিরগাছখোলা গ্রামে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। এ ঘটনায় জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভায় দলটির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদারের বিরুদ্ধে মানববন্ধনে দেওয়া অভিযোগ ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করেছেন সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিরোধপূর্ণ জায়গার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগের বক্তব্য প্রত্যাহার করেন প্রবাসী। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে জমি বিনিময়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগের কথাও জানান।

Advertisement

সংবাদ সম্মেলনে মামুন মোল্লা বলেন, তাদের মধ্যে জায়গাজমি নিয়ে যে বিরোধ ছিল, তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০ শতাংশ জমির পরিবর্তে ৬০ শতাংশ জমি দিয়ে এওয়াজ-বদলের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় এলাকাবাসীও সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, পূর্বে আয়োজিত মানববন্ধনে ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদারের বিরুদ্ধে যেসব বক্তব্য দেওয়া হয়েছিল, তা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর ছিল। এ জন্য আমি নিজের বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ এবং ক্ষমাপ্রার্থনা করছি।

এ বিষয়ে জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদার বলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় বিষয়। তাদের প্রতি আমাদের অভিমান নেই। সামনের দিনগুলোতে সবাই মিলেমিশে বসবাস করব।

এর আগে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ তুলে ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদারের বিরুদ্ধে মানববন্ধন করেন প্রবাসী মামুন মোল্লার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। ওই সময় পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তি এবং স্কুলপড়ুয়া সন্তানের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করা হয়।

তখন আবদুল হাই শিকদার দাবি করেছিলেন, জমিতে থাকা কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি বাঁশের বেড়া দিয়েছেন।