logo

খুলনায় নাশকতার অভিযোগে তিন যুবক আটক

খুলনায় নাশকতার অভিযোগে তিন যুবক আটক
খুলনায় নাশকতার অভিযোগে আটক তিন যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতদের মধ্যে কৌশিক ও ইয়াছিনকে বৃহস্পতিবার সকালে লবণচরা থানা এলাকার টেক্সটাইল মিলের সামনে থেকে এবং বাদল চক্রবর্তীকে বুধবার রাতে ময়লাপোতা ইকবালনগর স্কুলের সামনে থেকে আটক করা হয়।

Advertisement

কৌশিক ও ইয়াছিন বটিয়াঘাটার বাসিন্দা। তাদের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। বাদল চক্রবর্তী খুলনা সদর থানার টুটপাড়া এলাকার জোড়াকল বাজারের বাসিন্দা।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, নাশকতা ঠেকাতে দলের নেতাকর্মীরা সারা রাত বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। বৃহস্পতিবার ভোরে তিনি ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হন। এ সময় চার যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে ধাওয়া দেন তারা। তাদের মধ্যে একজনকে ছাত্রলীগ নেতা চয়ন বলে শনাক্ত করা হয়। তিনি পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক যুবকেরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেন, সকালে তারা মোটরসাইকেলে কুদির বটতলা এলাকায় যান। ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের দেখে দাঁড়িয়ে পড়ে এবং অন্যটি গলির মধ্যে চলে যায়। পরে আটক দুজনের কাছ থেকে জানতে পারেন, বটিয়াঘাটার চয়নের নেতৃত্বে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার চেষ্টা করছিলেন। তবে আটক ব্যক্তিদের কোনো রাজনৈতিক পদ-পদবি পাওয়া যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক কৌশিক ও ইয়াছিন বটিয়াঘাটার বাসিন্দা। তাদের আওয়ামী লীগের কোনো পদ-পদবি নেই, তবে তারা দলটির সমর্থক। আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে তেল নিতে তারা লবণচরা এলাকার একটি পেট্রোলপাম্পে এসেছিলেন। সন্দেহ হওয়ায় বিএনপি নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

অন্যদিকে বুধবার রাতে ময়লাপোতা ইকবালনগর স্কুলের সামনে থেকে বাদল চক্রবর্তীকে আটক করা হয়। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার কোনো দলীয় পদ-পদবি নেই। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।