logo
ঢাকা বিভাগের ৬৩১ সার ডিলারের মধ্যে ৪৯০ জন বিএনপি-সংশ্লিষ্ট

ঢাকা বিভাগে বিএনপির ৪৯০, আ.লীগের ২৬ নেতাকর্মী সারের ডিলার

ঢাকা বিভাগে বিএনপির ৪৯০, আ.লীগের ২৬ নেতাকর্মী সারের ডিলার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ঢাকা বিভাগের ১৩টি জেলায় নতুন নিয়োগ পাওয়া ৬৩১ জন সারের ডিলারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ৪৯০ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তাদের স্বজন। যা মোট নিয়োগের প্রায় ৭৭ দশমিক ৬৫ শতাংশ। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পদধারী নেতা ছাড়াও তাদের স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজা ও শ্যালকেরা সরাসরি ডিলারশিপ পেয়েছেন। এমনকি রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিভাগের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ২৬ জন এবং জামায়াতে ইসলামীর ২ জন সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া ১১৩ জন ডিলারের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, ঢাকা বিভাগের ১৩ জেলায় মোট ৬৩১ জন ডিলারের মধ্যে সর্বোচ্চ ৯৭ দশমিক ৬৭ শতাংশ বিএনপি-সংশ্লিষ্ট ডিলার নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জে। জেলাটিতে ৪৩ জন ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির।

এ ছাড়া গাজীপুরে ৪০ জনের মধ্যে ৩৮ জন (৯৫ শতাংশ), নরসিংদীতে ৭৬ জনের মধ্যে ৬৯ জন (৯০ দশমিক ৭৯ শতাংশ), নারায়ণগঞ্জে ৩৮ জনের মধ্যে ৩৪ জন (৮৯ দশমিক ৪৭ শতাংশ), শরীয়তপুরে ৬৪ জনের মধ্যে ৫৬ জন (৮৭ দশমিক ৫০ শতাংশ), টাঙ্গাইলে ২৩ জনের মধ্যে ২০ জন (৮৬ দশমিক ৯৬ শতাংশ), মানিকগঞ্জে ৬৭ জনের মধ্যে ৫৪ জন (৮০ দশমিক ৬০ শতাংশ), ঢাকায় ৪২ জনের মধ্যে ৩৩ জন (৭৮ দশমিক ৫৭ শতাংশ), ফরিদপুরে ৫৩ জনের মধ্যে ৪১ জন (৭৭ দশমিক ৩৬ শতাংশ), মুন্সীগঞ্জে ৭০ জনের মধ্যে ৫১ জন (৭২ দশমিক ৮৬ শতাংশ), গোপালগঞ্জে ৬৬ জনের মধ্যে ৩৮ জন (৫৭ দশমিক ৫৮ শতাংশ), রাজবাড়ীতে ৪৩ জনের মধ্যে ১৩ জন (৩০ দশমিক ২৩ শতাংশ) এবং মাদারীপুরে ৬ জনের মধ্যে ১ জন (১৬ দশমিক ৬৭ শতাংশ) বিএনপি নেতাকর্মী ও তাঁদের নিকটাত্মীয় ডিলারশিপ পেয়েছেন।

অন্যদিকে পুরো বিভাগে আওয়ামী লীগের ২৬ জন ডিলারের মধ্যে ফরিদপুরে সাতজন, নরসিংদীতে চারজন, গোপালগঞ্জ ও মাদারীপুরে তিনজন করে, ঢাকা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে দুজন করে এবং গাজীপুর, শরীয়তপুর ও টাঙ্গাইলে একজন করে রয়েছেন। জামায়াতে ইসলামীর দুজন ডিলারের মধ্যে একজন ঢাকায় এবং একজন গাজীপুরে নিয়োগ পেয়েছেন।

ঢাকা জেলা

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ পদধারী নেতারাই অধিকাংশ ডিলারশিপ পেয়েছেন। তাদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. খোরশেদ আলম, কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন সিকদার, আগানগর ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সোহানুর রহমান, তারানগর ইউনিয়নে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. এনামুল হক, হযরতপুর ইউনিয়নে মডেল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং জিনজিরা ইউনিয়নে ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি হোসাইন মো. হিরা ডিলারশিপ পেয়েছেন।

গাজীপুর

গাজীপুরে পদধারী নেতাদের পাশাপাশি তাদের ছেলে, মেয়ে, ভাই ও ভগ্নীপতিরাও ডিলারশিপ পেয়েছেন। এর মধ্যে শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক, মাওনা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন পলান ডিলার হয়েছেন।

কালিয়াকৈরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেস মাস্টারের ছেলে মো. ইস্তিয়াক আহমেদ বাপন এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের মেয়ে রাজিয়া সুলতানা লিপি ডিলারশিপ পেয়েছেন। অন্যদিকে কালীগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মাস্টারের ছেলে মো. শাহ জাবেদ আহমেদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধানের ভাইপো মোহাম্মদ মাকছুদুর রহমান ডিলারশিপ পেয়েছেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জেও বিএনপি নেতা ও সংসদ সদস্যের স্বজনদের আধিপত্য দেখা গেছে। আড়াইহাজারে উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. নয়ন পারভেজ ভূঁইয়া, গোপালদী পৌর বিএনপির সহসভাপতি মো. মজিবুর রহমান এবং ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি মো. জুয়েল আরমান ডিলার হয়েছেন।

এ ছাড়া সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দূরসম্পর্কের চাচা হাজী মো. তমিজ উদ্দিন এবং মেয়ের জামাইয়ের চাচাতো ভাই মো. সবুজ মিয়া ডিলারশিপ পেয়েছেন। রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা দেওয়ান আবুল বাশার বাদশার ভাতিজা দেওয়ান কাউছার আহমেদও ডিলারশিপ নিয়েছেন।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি তাদের স্ত্রী ও স্বজনেরাও ডিলার হয়েছেন। এর মধ্যে শ্রীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ, তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন হৃদয় মিয়া এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদের স্ত্রী সায়মা আক্তার ডিলারশিপ পেয়েছেন।

সিরাজদিখানে মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান টিটো ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, টঙ্গিবাড়ীতে জেলা বিএনপির সদস্য পাপিয়া আক্তার, লৌহজংয়ে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খন্দকারের আত্মীয় কাউছার এবং গজারিয়ায় জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টুর নাতি মো. তুহিন ডিলার নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ

মানিকগঞ্জে বিএনপি নেতাদের স্ত্রী ও সন্তানদের নামে ডিলারশিপ নেওয়ার হিড়িক পড়েছে। সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খানের স্ত্রী সাবেকুর নাহার খান মজলিশ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের স্ত্রী জেরিন সরকার, হরিরামপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া আক্তার এবং সিংগাইরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিনের স্ত্রী ফরিদা ইয়াসমিন ডিলারশিপ পেয়েছেন।

এ ছাড়া ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামানের ছেলে মীর ওহিদুজ্জামান শাওন ও ভাগনে মো. জহিরুল ইসলাম এবং হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন মোল্লার ছেলে রবিউল ইসলাম ডিলার হয়েছেন।

নরসিংদী

নরসিংদীতে ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, পলাশ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হাসান আলী ভূঁইয়া, শিবপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. শাহাদাৎ হোসেন মামুন, বেলাবো উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং নরসিংদী জেলা ছাত্রদলের সহসভাপতি মো. রানা।

পাশাপাশি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলের ছোট ভাই ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন ভূঁইয়া এবং মনোহরদীতে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের প্রবাসী আত্মীয় ডিলারশিপ পেয়েছেন।

ফরিদপুর

ফরিদপুরে পদধারী নেতাদের পাশাপাশি তাদের স্ত্রী, ভাই, ভাতিজা ও শ্যালকেরা ডিলারশিপ নিয়েছেন। মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিকের শ্যালক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরের স্ত্রী মোমেনা এবং কামালদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মাস্টারের ভাতিজা মো. রিফাত হোসেন ডিলার হয়েছেন।

এ ছাড়া সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার আজাদ খন্দকারের স্ত্রী ফারজানা আক্তার রাখী, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের ছেলে তারিকুর রহমান সম্রাট, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতির ভাই মো. আলীমুজ্জামান মোল্যা এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের ভাতিজা মো. মাহমুদ মিয়া ডিলারশিপ পেয়েছেন।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি জুয়েল মুন্সি, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু এবং গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম।

স্বজনদের ‘কোটায়’ ডিলারশিপ নিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর চাচাতো ভাই শেখ আ. মোয়েজ, জেলা বিএনপির সহসভাপতির মেয়ে নুসরাত শারমিন, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ফজলুর কবির দারার ভাই ফজলুল করিম গোরা এবং কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের স্ত্রী নুর নাহার আক্তার।

মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম হাওলাদারের ফুফাতো ভাই লাবলু হাওলাদার মেসার্স লাবলু আয়রন অ্যান্ড জুট নামে ডিলারশিপ পেয়েছেন। লাবলু হাওলাদার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম রুহুল আমিন হাওলাদার শিমুলের চাচাও। এ ছাড়া জেলার কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে অধিকাংশ ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে।

রাজবাড়ী

রাজবাড়ীতে ডিলার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তমিজউদ্দিন মৃধা এবং পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া।

এ ছাড়া বালিয়াকান্দিতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত কুমার শীলের নিয়ন্ত্রণে শহিদ মিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিনের নিয়ন্ত্রণে রয়েল আহমেদ ডিলারশিপ পেয়েছেন।

শরীয়তপুর

শরীয়তপুরে ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জাজিরা উপজেলা যুবদলের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আ. হামিদ মল্লিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আশ্রাব এবং সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন।

পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতির মেয়ে ইশরাত জাহান শান্তা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে মাহতাব মোর্শেদ মিহির, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতির মেয়ে সামছুন নাহার জলি এবং সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের আত্মীয় শাহাবুদ্দিন ডিলারশিপ নিয়েছেন।

টাঙ্গাইল

টাঙ্গাইলে ডিলারশিপ পেয়েছেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দীন মাস্টার, গোপালপুর পৌর বিএনপির সভাপতি মো. খালিদ হোসাইন, ভূঞাপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তরফদার মিন্টু এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নূরনবী।

এ ছাড়া সখিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের স্ত্রী শিউলি আক্তার, বাসাইল উপজেলা যুবদলের সদস্যসচিব শাহ আলম ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম, ভূঞাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রী আফরিনা আক্তার এবং স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আযম খানের ভাইয়ের স্ত্রী সুমনা ইসলাম ডিলারশিপ পেয়েছেন।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় শীর্ষ পদধারী নেতারাই ডিলারশিপ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান, অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান ইয়ামিন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন এবং ভৈরব উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ফরহাদ। তাঁরা সারের ডিলারশিপ নিয়েছেন।

ঢাকা বিভাগে সারের ডিলার নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরাও

ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মী এবং তাদের স্বজনেরা সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের সালথায় ভাওয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লার স্ত্রী ফয়জুন নেছা, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মোহাম্মদ কাওসার আলীর নাতি মো. রাকিবুল ইসলাম, নগরকান্দায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল শিকদার এবং বোয়ালমারীতে শেখর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিলারশিপ পেয়েছেন।

এ ছাড়া মধুখালীতে সাবেক সংসদ সদস্যের মাধ্যমে ১৫ লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ কর্মী তাপস কুমার সাহা ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ও এনসিপি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, যুবলীগ কর্মী উৎপল বালা এবং সাবেক মন্ত্রী শাজাহান খানের ঘনিষ্ঠ সহচর ইসমাইল মল্লিকের ম্যানেজার মনোজ সরকার ডিলার হয়েছেন।

মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীউজ্জামান বাচ্চুর ছোট ভাই মশিউর রহমান, সাবেক সংসদ সদস্য শাজাহান খানের এপিএস ফরহাদ হোসেনের আত্মীয় তাজ তালুকদার বাকার এবং ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রজু মাতুব্বরের পুত্রবধূ আয়েশা ডিলারশিপ পেয়েছেন।

এ ছাড়া শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মজিদ সরকার, নরসিংদীর শিবপুরে জয়নগর ইউনিয়ন যুবলীগ কর্মী মো. জামাল হোসেন, মানিকগঞ্জের শিবালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আ. আলীমের ছেলে মো. আরিফুর রহমান এবং গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপির সদস্যসচিবের কোটায় আওয়ামী লীগের সুবিধাভোগী মো. নাজমুল হক সরকার সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।