পিরোজপুরে ডাকাতির পর ঝালকাঠিতে আত্মগোপন, নানা অস্ত্র ও ডাকাত সরদারসহ গ্রেপ্তার ৮

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতির সময় স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়া এবং ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের সরদার রঙ্গলাল হালদারসহ আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), বরিশাল।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৮।
এর আগে একই দিন ভোরে ঝালকাঠি সদর থানার মুতালরী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার, ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, ছারছীনা দরবার শরিফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের ছগির আলী।
এসআরবি-৮ জানায়, গত ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। বাধা দেওয়ায় নুরুল ইসলাম ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ডাকাতরা। একপর্যায়ে তারা স্বর্ণালংকার, মোবাইল ফোন, টর্চলাইটসহ প্রায় ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায়। আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৮ নভেম্বর নলছিটি থানায় ডাকাতির অভিযোগে মামলা করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতির সময় স্থানীয়দের ধাওয়ায় সন্দেহভাজন ব্যক্তিরা ঝালকাঠিতে পালিয়ে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি লোহার শাবল, একটি রামদা, একটি ছেনি, একটি ডেগার, একটি চাপাতি, একটি অ্যাডজাস্টেবল রেঞ্চ ও পাঁচটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, ‘নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আমরা ছায়া তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ডাকাত দলের সরদারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।




