logo

ফরিদপুর/গ্রামে সংকট, বাজারে পাকা পেঁপের ছড়াছড়ি

তাওহিদুল ইসলাম
ফরিদপুর
গ্রামে সংকট, বাজারে পাকা পেঁপের ছড়াছড়ি
ফরিদপুরের বাজারে বিক্রির জন্য রাখা পাকা ও আধাপাকা পেঁপে। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুর শহরের অলিগলি থেকে শুরু করে জেলার বিভিন্ন উপজেলার হাটবাজার প্রায় প্রতিটি ফলের দোকানেই এখন পাওয়া যাচ্ছে পাকা পেঁপে। অথচ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরেও পর্যাপ্ত পাকা পেঁপে মিলছে না বলে দাবি স্থানীয়দের।

গ্রামে পেঁপের সংকট থাকলেও বাজারে হঠাৎ বিপুল পরিমাণ পাকা পেঁপের উপস্থিতি নিয়ে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। এসব পেঁপে কোথা থেকে আসছে, কীভাবে পাকানো হচ্ছে এবং তা স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ তা নিয়েও রয়েছে সংশয়।

Advertisement

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরেজমিনে ফরিদপুর শহরের বিভিন্ন ফলের দোকান ও হাজী শরীয়তুল্লাহ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনুসন্ধানে জানা গেছে, বাজারে আসা এসব পেঁপের একটি বড় অংশ সংগ্রহ করা হচ্ছে টাঙ্গাইলের মধুপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে। তবে পেঁপে পাকানোর পদ্ধতি নিয়ে অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।

স্থানীয় আড়তদাররা জানান, বিভিন্ন এলাকা থেকে কাঁচা পেঁপে সংগ্রহ করে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বর্তমানে প্রতি কেজি পেঁপে পাইকারি পর্যায়ে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে সেই পেঁপের দাম উঠছে ৭০ থেকে ৮০ টাকা বা তারও বেশি।

ব্যবসায়ীদের দাবি, কয়েক বছর আগেও অনেক ক্ষেত্রে পেঁপে পিস হিসেবে বিক্রি হতো। তবে বর্তমানে কেজি দরে বিক্রির প্রবণতা বেড়েছে। এতে পেঁপের সরবরাহ, বাজারমূল্য ও পাকানোর প্রক্রিয়া নিয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি সন্দেহও বাড়ছে।

ক্যামেরার সামনে পেঁপে সংগ্রহ ও পাকানোর প্রক্রিয়া সম্পর্কে কথা বলেন হাজী শরীয়তুল্লাহ বাজারের মেসার্স রনি ট্রেডার্সের মালিক অধীর কুমার।

তিনি জানান, প্রথমে স্থানীয় গ্রামাঞ্চল এবং বিভিন্ন সময়ে টাঙ্গাইলের মধুপুরসহ দেশের অন্যান্য এলাকা থেকে কাঁচা পেঁপে সংগ্রহ করেন তারা। এরপর প্রতিটি পেঁপে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে এক জায়গায় স্তূপ করে রাখা হয়। পরে স্তূপের মধ্যে ধূপ জ্বালিয়ে ধোঁয়া তৈরি করা হয়। তার দাবি, ধূপের ধোঁয়ায় মাত্র এক দিনের মধ্যেই পেঁপে পেকে যায় এবং রং পরিবর্তন করে।

নিজেদেরও এসব পেঁপে খাওয়ার কথা জানিয়ে অধীর কুমার বলেন, আমরা এই পেঁপে নিজেরাও খাই। আমাদের তো কখনও কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে হাজী শরীয়তুল্লাহ বাজারের যোগাযোগ ফল ভান্ডারের ব্যবসায়ী জাফর শেখ বলেন, আমরা এই পেঁপে বেশির ভাগ রাজশাহী থেকে পাকা অবস্থায় সংগ্রহ করছি, এরপর এনে বিক্রি করছি।

তবে কী ধরনের ধূপ ব্যবহার করা হয়, ধোঁয়ার উপাদান কী এবং এ প্রক্রিয়ায় পেঁপের খাদ্যনিরাপত্তা কতটা বজায় থাকে, সে বিষয়ে কোনো পরীক্ষা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে পেঁপে কিনতে আসা বিষ্ণুপদ সাহা বলেন, আমরা জেনেশুনেই বিষ কিনে খাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নিলে এ ধরনের ব্যবসা বন্ধ হবে না। জেনেবুঝেই ফরমালিনযুক্ত পেঁপে কিনে সন্তানদের খাওয়াচ্ছি। কিন্তু আমাদের করারই বা কী আছে, এগুলো প্রতিহত করবে কে।

বিশেষজ্ঞদের মতে, ফল পাকানোর ক্ষেত্রে অনুমোদিত পদ্ধতি অনুসরণ করা জরুরি। মাত্রাতিরিক্ত বা অননুমোদিত রাসায়নিক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

গ্রামাঞ্চলে পর্যাপ্ত পাকা পেঁপে না পাওয়া গেলেও শহরের বাজারে বিপুল পরিমাণ পেঁপের উপস্থিতি, মাত্র এক দিনে পাকানোর দাবি এবং পাইকারি ও খুচরা দামের বড় ব্যবধান সব মিলিয়ে পেঁপের উৎস, পাকানোর পদ্ধতি ও ব্যবহৃত উপাদান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সাধারণত খবরের কাগজ দিয়ে পেঁপে মুড়িয়ে রাখলে দুই-এক দিনের মধ্যে তা পেকে যায়। তবে ব্যবসায়ীরা ধূপ বা স্প্রে ব্যবহার করে পেঁপে পাকাচ্ছেন কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে। এ বিষয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়েছে। দ্রুতই আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ফলমূল পাকাতে ক্ষতিকর ধূপ বা রাসায়নিক ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট