কাঁচা কলায় রাসায়নিক স্প্রে, অভিযানের খবরে দোকান রেখে পালালেন ব্যবসায়ী

ফরিদপুরের সালথায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে কাঁচা কলা পাকিয়ে বাজারজাত করার সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযানের খবর পেয়ে দোকান রেখেই পালিয়ে যান অভিযুক্ত কলা ব্যবসায়ী সেকেন শেখ। পরে তার দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও উপকরণের আলামত পায় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লবদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে বুধবার এশিয়া পোস্টে কাঁচা কলায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকানোর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের কলা ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে স্প্রে প্রয়োগের মাধ্যমে দ্রুত পাকিয়ে বাজারজাত করছেন। স্বাভাবিকভাবে কলা পাকতে যেখানে নির্দিষ্ট সময় প্রয়োজন, সেখানে রাসায়নিক প্রয়োগ করে মাত্র তিন দিনের মধ্যে কলা বিক্রির উপযোগী করা হচ্ছে। বাইরে থেকে কলাগুলো পাকা ও আকর্ষণীয় দেখালেও এর ভেতরে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা এনামুল শেখ বলেন, স্প্রে করা কলা কখনও ভালো হওয়ার নয়। এ ধরনের কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সাধারণ মানুষ বিষয়টি না জেনেই এসব কলা কিনে খাচ্ছেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।
অভিযোগের বিষয়ে এর আগে কলা ব্যবসায়ী সেকেন শেখ বলেছিলেন, এই কলা আমি নিজেও খাই, আমার পরিবারকেও খাওয়াই। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়েছে। আমি আর এই ব্যবসা করব না।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, আমরা যখন অভিযানে যাই, তখন দোকান রেখেই দৌড়ে পালিয়ে যান দোকানদার। এ সময় তার দোকানে প্রবেশ করে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী কী ধরনের স্প্রে ব্যবহার করা হতো, সেসবের আলামত আমরা সংগ্রহ করছি। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।



-d9e398-720x405.webp)
