বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, মালিক আটক

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আয়োজনের খবর পায় পুলিশ। ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গোপন অভিযান চালানো হয়। পরে বাঁকা মাতুব্বরের বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


-d9e398-720x405.webp)


