logo
গোপালগঞ্জ

লগি-বৈঠা নিয়ে আ.লীগের বিক্ষোভ, ভাঙচুরের পর ছেঁড়া হয় বিএনপির ব্যানার-ফেস্টুন

লগি-বৈঠা নিয়ে আ.লীগের বিক্ষোভ, ভাঙচুরের পর ছেঁড়া হয় বিএনপির ব্যানার-ফেস্টুন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ করে। ছবি: এশিয়া পোস্ট

শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি ও ভাঙচুরে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পর ছিঁড়ে ফেলা হয় শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই তাদের প্রথম কোনো প্রকাশ্য বিক্ষোভ মিছিল।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলে দলে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়।

পরে লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এসময় পুলিশের একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

সেখান থেকে মিছিল নিয়ে তারা গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। বিক্ষোভের একপর্যায়ে কলেজের মূল ফটকের সামনে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন কয়েকজন বিক্ষোভকারী। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট
লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

এরপর নেতাকর্মীরা শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যান। সেখানে পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। প্রায় ২০ মিনিট কার্যালয়ের ভেতরে অবস্থান করে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়টি খুলে দেওয়া হয়।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে চৌরঙ্গীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও মিছিল নিয়ে একত্রিত হন নেতাকর্মীরা।

অপরদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙানো হয়।

পুরো বিক্ষোভ চলাকালে পুলিশকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে গত ১০ নভেম্বর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

বিক্ষোভকে কেন্দ্র করে দিনভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়াসহ পুরো জেলা শহরজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ এশিয়া পোস্টকে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।