logo

ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছাল রূপপুরে

ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছাল রূপপুরে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান বহনকারী লরি। ছবি : এশিয়া পোস্ট

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিবাহী চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয় লরিগুলো। সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে সেগুলো রূপপুরে পৌঁছায়। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানসহ মোট সাতটি চালান পৌঁছেছে। দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত সাতটি চালানের মধ্যে সর্বশেষ চালানটি শুক্রবার সকালে প্রকল্প এলাকায় পৌঁছায়।

সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে। চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়াম আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়।

প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। সর্বশেষ গত ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো টানা সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তারা জানান, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের আগে ধাপে ধাপে আরও কয়েকটি কারিগরি পরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষা সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে এ ইউনিটের জন্য জ্বালানি সরবরাহের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

প্রকল্পটির দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।