ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও জেলা শাখার সহসভাপতি আলহাজ মাওলানা মুহাম্মাদ মুছা আলম ও মুহাম্মাদ আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর খাদেমুল ইসলাম বলেন, জেলার মানুষ পরিবর্তন চায়। বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ করে আমি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছি। মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি চায়। আল্লহ চাইলে এবার আমার বিজয় সুনিশ্চিত। নির্বাচিত হলে বেকারত্ব দূর করে ঠাকুরগাঁওকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, এই উপনির্বাচনে এ পর্যন্ত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্য দুজন হলেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
