logo

জামিন পেয়ে ফের ইয়াবাসহ ধরা পড়লেন বহিষ্কৃত বিএনপি নেতা

জামিন পেয়ে ফের ইয়াবাসহ ধরা পড়লেন বহিষ্কৃত বিএনপি নেতা
বিএনপির এক বহিষ্কৃত নেতা নাজির হোসেন। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক মামলায় জামিনে মুক্ত হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় আবারও এক হাজার ৮০০ ইয়াবাসহ স্থানীয় বিএনপির এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউৎনগর মিশনপাড়া এলাকায় বুধবার রাতে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজির হোসেন (৫১) ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালাই আমরা। তল্লাশিকালে তার বাড়ি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি এবং বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করি।

তিনি বলেন, অভিযান শেষে ডিএনসির উপপরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে গত ৩১ আগস্ট ১৪৫টি ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ লাখ টাকাসহ হরিপুর থানা-পুলিশের হাতে স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন নাজির হোসেন। ওই মামলায় সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বের হওয়ার পাঁচ দিনের মাথায় আবারও বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়লেন তিনি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।