নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নড়াইলের কালিয়ায় পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কালিয়া পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি সেলিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান পাপ্পু, সাধারণ সম্পাদক তরিকুল সরদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আর্মিষ্ঠান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল ইমরান শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা হয়। এতে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাসহ ১০ থেকে ১৫ জন আহত হন।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শাহিনুর ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।





