logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

দুই সন্তানের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

দুই সন্তানের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই সন্তানের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুস সামাদ তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন (৩২) নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেম আলীর মেয়ে সালেহা বেগমকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন মোবারক। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার এজাহার ও অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহা বেগম। এ সময় ঘরে ঢুকে ধারাল ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন মোবারক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মায়ের ওপর হামলার পর দুই সন্তানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সালেহাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মামলার বিবরণে আরও জানা যায়, সালেহা বেগম সৌদি আরবে থাকতেন। হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা হাসেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল মোবারক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট