পচা সবজি দিয়ে খাবার তৈরি করে চট্টগ্রামে দুই হাসপাতালের ক্যান্টিন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও বেসরকারি সিএসসিআর হাসপাতালের রোগীদের খাবারের ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা ও ভেজাল খাদ্য সংরক্ষণের প্রমাণ পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সিএসসিআর হাসপাতালের ক্যান্টিনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
আদালত সূত্র ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, চমেক হাসপাতালের রোগীদের খাবারের ক্যান্টিন ‘মেসার্স ইয়াহিয়া স্টোর’-এ অভিযান চালিয়ে একাধিক অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভাঙা ও স্যাঁতসেঁতে মেঝে, ভাঙা ও নোংরা পাত্রে রান্না এবং উন্মুক্ত স্থানে ভাত সংরক্ষণের দৃশ্য দেখা যায়, যেখানে মাছি ও পোকামাকড় বসে ছিল। এ ছাড়া পোলট্রি ফিডের বস্তায় মশলার গুঁড়া, ময়লাযুক্ত ড্রামে হলুদ, মেয়াদোত্তীর্ণ ময়দা, মেঝেতে রাখা ডালে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি এবং চিনির ড্রামে পোকামাকড় পাওয়া যায়। মরিচের গুঁড়োয় কাঠ বা ভূষির গুঁড়া এবং পচা ডিম সিদ্ধ করে সংরক্ষণের অভিযোগও ওঠে। পাশাপাশি হলুদের গুঁড়োয় পলিথিন ও মাকড়সার জালের উপস্থিতি এবং প্রাথমিক পরীক্ষায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেড সল্টের অস্তিত্ব পাওয়া যায়।
নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় উৎপল মিত্র নামের একজনকে গ্রেপ্তার করা হয় এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অন্যদিকে, সিএসসিআর হাসপাতালের রোগীদের খাবারের ক্যান্টিন ‘মেসার্স দিদার এন্টারপ্রাইজ’-এ অভিযানে পচা শিম, আলু, বরবটি ও অন্যান্য সবজি সংরক্ষণের প্রমাণ মেলে। একই সঙ্গে রান্না করা বাসি ও পচা মাছ, মাংস ও সবজি ফ্রিজে রাখা, কাঁচা মাছ-মাংস ও রান্না করা মুরগি একত্রে রাখা এবং খামি ও মুরগির মাংস একই ফ্রিজে সংরক্ষণের মতো অনিয়ম ধরা পড়ে। এ ছাড়া মেয়াদ ও লেবেলবিহীন পাউরুটি, কেক, বনরুটি ও ফিরনী, খোলা অবস্থায় ডালডা, যথাযথ লেবেল ছাড়া কিকোম্যান সয়া সস, লেবেলবিহীন নিম্নমানের ভেজাল ঘি এবং ব্লেন্ডার মেশিনে দীর্ঘদিনের ময়লা লেগে থাকার তথ্য পাওয়া যায়।
নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি এক মাসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের মানোন্নয়ন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চল ও জেলার নিরাপদ খাদ্য পরিদর্শক, সিএমপির এসআরবি-৭ এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সমন্বয় করে। কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


