logo

মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে ৩৪ মামলার আসামি গ্রেপ্তার, পিকআপ উদ্ধার

মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে ৩৪ মামলার আসামি গ্রেপ্তার, পিকআপ উদ্ধার
আটক মো. মিজান। ছবি: হাইওয়ে পুলিশের সৌজন্যে

টাঙ্গাইলের করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় হত্যা, ডাকাতিসহ মো. মিজান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সদরদপ্তর থেকে রোববার (২৫ অক্টোবর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, টাংগাইল সদরের করোটিয়ার খুদিরামপুর এলাকায় শনিবার (২৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে ঢাকাগামী মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস নিয়ে ৫ থেকে ৬ জনের একটি দল গরুবাহী পিকআপটির গতিরোধ করে। পিকআপটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-২২-০৫৫৯।

এ সময় ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয়। অন্য ব্যক্তিকেও নামানোর চেষ্টা করলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই সময় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অন্য সদস্যরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।