গোপালগঞ্জ এড়িয়ে বিকল্প পথে চলবে খুলনা-ঢাকা বাস

গোপালগঞ্জে আন্দোলন ও নিরাপত্তা শঙ্কায় খুলনা-ঢাকা রুটের বাস ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে খুলনা থেকে ঢাকায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
অন্যদিকে, মুকসুদপুর-ভাঙ্গা জংশন এলাকায় আটকে পড়েছে ঢাকা থেকে বেনাপোলগামী জাহানাবাদ এক্সপ্রেস। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ট্রেনটির বেনাপোল থেকে ঢাকাগামী ফিরতি ট্রিপ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার জাকির হোসেন জাহানাবাদ এক্সপ্রেসের ফিরতি ট্রিপ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে ৮২৫ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস। দুপুর ১২টার দিকে ট্রেনটি মুকসুদপুর-ভাঙ্গা জংশন এলাকায় পৌঁছালে আন্দোলনের কারণে আটকে পড়ে। এতে নির্ধারিত সময়ে বেনাপোলে পৌঁছানো সম্ভব হয়নি।
ট্রেনটির বেনাপোল থেকে দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে আসার পথে আটকে পড়ায় নির্ধারিত সময়ে ফিরতি যাত্রা শুরু করতে পারেনি। ফলে বৃহস্পতিবারের ফিরতি ট্রিপ বাতিল করা হয়।
স্টেশনমাস্টার আরও জানান, জাহানাবাদ এক্সপ্রেসের ফিরতি যাত্রা বাতিল হলেও খুলনা থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এমনকি খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে, নিরাপত্তা শঙ্কায় মঙ্গলবার থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বাস চলাচল স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকল্প পথে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক হয়। গোপালগঞ্জ হয়ে বাস চলাচলের ক্ষেত্রে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ওই পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বৈঠকে জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, কেডিএ চেয়ারম্যান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল চালুর পরামর্শ দেওয়া হয়। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জের পথ এড়িয়ে খুলনা-যশোর-মাগুরা-আরিচা রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




