নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে ধরিয়ে দিন: পরিবেশমন্ত্রী

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম দেখলে পুলিশে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের বর্তমান আইন অনুযায়ী একটি সংগঠন নিষিদ্ধ। অতএব, যাদের দল এখন নিষিদ্ধ, তাদের কার্যক্রমও নিষিদ্ধ। তাদের প্রতি আমার আহ্বান, আপনারা দাগনভূঞায় এমন কোনো কার্যক্রম করবেন না, যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়।
নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা কোথাও নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম দেখলে তাদের পুলিশের হাতে ধরিয়ে দেবেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দাগনভূঞাবাসীর সম্মানার্থে আপনারা কেউই আইন নিজের হাতে তুলে নেবেন না।
পরিবেশমন্ত্রী আরও বলেন, আমরা চাই, দাগনভূঞায় সবাই শান্তিশৃঙ্খলার সঙ্গে বসবাস করুক। কেউ যদি এমন কোনো কার্যক্রম করে, যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়, তাহলে আমি আপনাদের বলতে পারি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো ছাড় দেবে না।
দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর্তাতুক স্কুল মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএস কায়সার এলিন, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




