logo

বালুভর্তি বাল্কহেডে পাচার হচ্ছিল বিদেশি মদ

বালুভর্তি বাল্কহেডে পাচার হচ্ছিল বিদেশি মদ
৩০৫ বোতল বিদেশি মদসহ আটক দুই শ্রমিক। ছবি : পুলিশের সৌজন্যে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরের কাছাকাছি পদ্মা নদীতে বালুভর্তি একটি বাল্কহেড থেকে ৩০৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় বাল্কহেডে থাকা দুই শ্রমিককে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সুরেশ্বর ঘাটের কাছাকাছি পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার ও দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার উজ্জ্বল গাজী (২৯) ও রফিক খান (৫০)।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সুরেশ্বর নৌ পুলিশ নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকটি নৌযানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সিলেট থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে আসা ‘তাসলিমা এন্টারপ্রাইজ’ নামের একটি বালুভর্তি বাল্কহেডে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাল্কহেডে থাকা শ্রমিকেরা তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাল্কহেডের ইঞ্জিনরুমে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই শ্রমিককে আটক করা হয় এবং বাল্কহেডটি জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা মদ শরীয়তপুরের কোনো একটি স্থানে নামানোর উদ্দেশ্যে আনা হচ্ছিল।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বালুভর্তি বাল্কহেড থেকে ৩০৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ এবং এর দুই শ্রমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।