ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বরিশাল পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় কিংবা কোনো ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তবে তা হবে ধর্মবিরোধী ও চরম সাম্প্রদায়িক কাজ। যখনই কোনো মহল ধর্মবিশ্বাস বা চর্চাকে কোনো সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষকে সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক নেতাদের সমস্ত বক্তব্যের মূল উদ্দেশ্য হতে হবে জনগণের কল্যাণ। জনগণ যতক্ষণ পর্যন্ত কোনো দল বা প্রতীককে তাদের কল্যাণের বাহক মনে করবে, ততক্ষণ পর্যন্তই সেই দল ও প্রতীক তাদের কাছে গ্রহণযোগ্য থাকবে।
সম্মেলনে পূজা উদ্যাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
.png)






