সাংবাদিকরা সাদাকে সাদা, কালোকে কালো বলবেন: এলজিআরডি মন্ত্রী

সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানো সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব।
তিনি বলেন, অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশে নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।
এলজিআরডি মন্ত্রী বলেন, যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। ফ্যামিলি কার্ড জনপ্রিয়তা লাভ করেছে। চার কোটি মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পাবেন। কৃষি কার্ডও পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যারা পিছিয়ে পড়েছেন তাদেরকেও সরকার সহযোগিতা করতে চায়। অনেককেই আমরা সহযোগিতা করতে পেরেছি, ভবিষ্যতেও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেস ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ের ২৬৫ জন অসহায় মানুষকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেন। তিনি ঠাকুরগাঁওয়ের তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন করেন।
এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন,জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনটিভি স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন ট্রেন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে, এদিন ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারের চুনিহাড়ী পশ্চিমপাড়ায় এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত হয় ‘সলেমান সোলার সেচপাম্প’ শীর্ষক এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, কৃষকের সেচ ব্যয় কমাতে ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এ উদ্ভাবন কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সৌর শক্তিচালিত সেচব্যবস্থার ব্যবহার বাড়লে একদিকে যেমন কৃষকের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাও সহজ হবে।
এলজিআরডি মন্ত্রী বলেন, সলেমান আমাদের দেশের গর্ব। সরকারের পক্ষ থেকে তার উদ্ভাবিত সোলার সেচপাম্প দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা গেলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং এর সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে।
অনুষ্ঠানে উদ্বোধনের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।
সোলার সেচপাম্পের উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা মূল লক্ষ্য। সরকারি সহযোগিতা পেলে এ প্রযুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।





