টিকিট মেলে না কাউন্টারে, পশ্চিমাঞ্চল রেলে ভোগান্তি চরমে

সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে রেলপথের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ, অথচ পশ্চিমাঞ্চল রেলওয়েতে এখন ভোগান্তির চিত্রই যেন নিত্যদিনের সঙ্গী। কাউন্টার কিংবা অনলাইনে নির্ধারিত মূল্যে টিকিট না মিললেও বাড়তি টাকা দিলে ঠিকই মিলছে কালোবাজারে। এর পাশাপাশি ট্রেনের ভেতরে অতিরিক্ত যাত্রীর চাপ, ভাঙা আসন, নষ্ট ফ্যান-লাইট ও অপরিচ্ছন্ন টয়লেটের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। সেই সঙ্গে পুরোনো রেললাইনের ঝুঁকি ও সময়সূচি বিপর্যয় মিলিয়ে পশ্চিমাঞ্চল রেলে বইছে ভোগান্তির ঝড়। এসব কারণে যাত্রীসেবা এখন পড়েছে বড় ধরনের প্রশ্নের মুখে।
রাজশাহী রেলস্টেশন থেকে আন্তঃনগর ও লোকাল মিলিয়ে প্রতিদিন ১৯ জোড়া ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রীদের অভিযোগ, ট্রেনের সংখ্যা ও যাত্রী চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি সেবার মান। বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ভ্রমণ অনেকের কাছে দুর্ভোগের কারণ হয়ে উঠেছে।
এদিকে, ট্রেনযাত্রার শুরুতেই সবচেয়ে বড় ভোগান্তি টিকিট সংগ্রহ নিয়ে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেও অনেক সময় আসন পাওয়া যায় না। আবার কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট মেলে না। অথচ একই ট্রেনের টিকিট বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। বিশেষ করে ছুটির দিন, ঈদ কিংবা যাত্রীচাপ বেশি থাকা সময়ে এই সংকট আরও তীব্র হয়।
রাজশাহী থেকে ঢাকাগামী একাধিক ট্রেনের যাত্রীদের অভিযোগ, টিকিট বিক্রি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই অনলাইনে আসন শেষ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে কেউ যাত্রা বাতিল করেন, কেউ আবার বেশি টাকা দিয়ে টিকিট সংগ্রহের চেষ্টা করেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
রাজশাহী-ঢাকা রুটে টিকিট কালোবাজারির অভিযোগ নিয়ে আশরাফ আলী নামে একজন অভিযোগ করেন, অনলাইন ও কাউন্টার কোথাও টিকিট না পেলেও ট্রেনের কিছু বগিতে আসন ফাঁকা দেখা গেছে। এতে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হচ্ছে।
আয়েশা রহমান নামে এক ভুক্তভোগী জানান, পরিকল্পনা করে যাত্রীরা আগে টিকিট কাটতে গেলেও পাওয়া যায় না। কিন্তু জরুরি প্রয়োজনে যাত্রা করতে হলে বেশি টাকা দিয়ে টিকিট সংগ্রহের চেষ্টা করতে হয়। সাধারণ মানুষের জন্য এটি এক ধরনের বাড়তি আর্থিক চাপ।
অন্যদিকে, টিকিট সংগ্রহের ভোগান্তি পেররিয়ে ট্রেনে উঠলেও স্বস্তি মেলে না অনেকের। অতিরিক্ত যাত্রীর চাপে বগির ভেতরে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। কোথাও দরজার পাশে, কোথাও করিডোরে আবার কোথাও নামাজের কক্ষেও গাদাগাদি করে বসে থাকেন যাত্রীরা। তাদের মধ্যে টিকিটবিহীন যাত্রী থাকার অভিযোগও রয়েছে। এতে বৈধ টিকিটধারীদের চলাচল ও বসার জায়গা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
বিশেষ করে দীর্ঘ পথের যাত্রীদের জন্য এ পরিস্থিতি আরও কষ্টকর। শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে ভ্রমণকারীদের দুর্ভোগের মাত্রা বেশি। নির্ধারিত আসন থাকার পরও আশপাশে অতিরিক্ত যাত্রীর ভিড়ে অনেক সময় স্বাভাবিকভাবে বসা কিংবা চলাচল করা যায় না।
বারিউল আলম নামে এক যাত্রী বলেন, টিকিট কেটে আসনে বসার পরও বগির ভেতরে অতিরিক্ত মানুষের ভিড় সামলাতে হয়। যাত্রাপথে বারবার ওঠানামা ও চলাচলের কারণে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না। টিকিটধারী যাত্রীদের জন্য নির্ধারিত পরিবেশ নিশ্চিত করা রেলওয়ের দায়িত্ব থাকলেও সেটি তারা পূরণ করে না।
এছাড়াও ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। অনেক বগির টয়লেট নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ যাত্রায় টয়লেট ব্যবহার করতে গিয়ে যাত্রীদের পড়তে হয় বিব্রতকর অবস্থায়। কোথাও ময়লা জমে থাকে, কোথাও পানির ব্যবস্থা অপর্যাপ্ত, আবার কোথাও দুর্গন্ধে প্রবেশ করাই কঠিন হয়ে পড়ে।
অন্যদিকে, পুরোনো বগির অনেক আসন ভাঙা কিংবা বসার অনুপযোগী। কোথাও ফ্যান ঘোরে না, কোথাও লাইট জ্বলে না। গরমের সময় ফ্যান নষ্ট থাকলে যাত্রীদের কষ্ট বেড়ে যায় বহুগুণ। শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও যান্ত্রিক ত্রুটি ও কাঙ্ক্ষিত পরিবেশ না পাওয়ার অভিযোগ রয়েছে।
যাত্রীদের আরেকটি বড় উদ্বেগ রেলপথের নিরাপত্তা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত বিভিন্ন রেললাইন যথাসময়ে সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝেমধ্যে ট্রেন লাইনচ্যুত এবং বিভিন্ন ধরনের পরিচালনাগত ত্রুটি যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।
রেলপথে ত্রুটি দেখা দিলে ট্রেনের গতি কমিয়ে চলাচল করতে হয়। এতে সময়সূচি বিপর্যয় ঘটে, একটির বিলম্বের প্রভাব পড়ে অন্য ট্রেনের ওপরও। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি কাজে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময়ে স্টেশনে পৌঁছানোর পরও ট্রেন ছাড়তে দেরি হয়। কখনো মাঝপথে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।
রেলওয়ের পরিচালন কার্যক্রমের সঙ্গে যুক্ত চালকদের বক্তব্যেও পুরোনো রেলপথের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। তাদের মতে, রেললাইনের যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে ট্রেন চলাচলে ঝুঁকি থেকেই যায়। নিয়মিত পরিদর্শন, ত্রুটি শনাক্ত এবং সময়মতো মেরামত করা জরুরি। জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম টিটিইরা।
তবে পশ্চিম অঞ্চলের রেলওয়ের যাত্রীদের এসব অভিযোগের বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুদ এশিয়া পোস্টকে জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে নতুন ২০০টি কোচ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ট্রেনের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরোনো কোচের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, রেলপথ সংস্কার ও পুনর্বাসনের জন্য প্রায় দুই হাজার কোটি টাকার একটি প্রকল্প সরকার অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রেলপথের নিরাপত্তা বাড়বে এবং ট্রেন চলাচল আরও নির্ভরযোগ্য হবে।
উল্লেখ্য, রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের প্রথম ধাপে ২ হাজার ২৮ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ৫০০ দশমিক ২ কিলোমিটার রেলপথে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ৪৩ দশমিক ৯০ কিলোমিটার রেলপথ পূর্ণাঙ্গ পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আবদুলপুর-রাজশাহী কোর্ট রেলপথও অন্তর্ভুক্ত।


