এক ছবিতেই ৮০ এনআইডি, জালিয়াতির অভিযোগে তরুণ গ্রেপ্তার

একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৮০টি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির তথ্য পেয়েছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রবিউল ইসলাম রনি (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। তিনি জানান, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভার পুরাতন কোর্ট রোডের দত্ত মার্কেটে অবস্থিত ‘সিদ্দিক কর্ণার ভ্যারাইটিস স্টোরে’ অভিযান চালায় ডিবি। এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সেখান থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি টাঙ্গাইলের মধুপুর থানার গাংগাইর গ্রামের মো. রফিকুল ইসলাম ও মোছা. রুমা ইসলাম দম্পতির ছেলে।
তল্লাশিকালে তার কাছ থেকে এ-ফোর সাইজের কাগজে প্রিন্ট করা সাতটি জাল এনআইডির সামনের অংশ ও ছয়টি পেছনের অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব কার্ডে একই ব্যক্তির ছবি থাকলেও নাম, পিতার নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর ও ঠিকানা ছিল ভিন্ন ভিন্ন।
এ ছাড়া রনির ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খতিয়ে দেখে পুলিশ। এতে অন্য একটি নম্বরে জালিয়াতির মাধ্যমে তৈরি করা অন্তত ৮০টি ভুয়া এনআইডির সফটকপি পাঠানোর প্রমাণ পাওয়া যায়। এসব কার্ডেও একই ছবি ব্যবহার করে ভিন্ন আইডি নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫মিনিটে রনিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আলামত জব্দ করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসব জাল এনআইডি ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ সংগঠিত হতে পারত বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।



