logo

চট্টগ্রামে নিজ বাসা থেকে আ.লীগের সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রামে নিজ বাসা থেকে আ.লীগের সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চু।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার সলিমউল্লাহ বাচ্চু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির এশিয়া পোস্টকে বলেন, সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সলিমউল্লাহ বাচ্চু ২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একই ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দেশের সব সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করার আগপর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন।

এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় অজ্ঞাতনামাসহ ৪০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

এদিকে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে কালুরঘাট, মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গত ৬ নভেম্বর রাতে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট