logo

ঋণ করে ফলানো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ঝিনাইদহের কৃষকরা

ঋণ করে ফলানো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ঝিনাইদহের কৃষকরা
টানা বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে পাকা ধান। ছবি: এশিয়া পোস্ট

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ধান আবাদ করেছিলেন কৃষকরা। স্বপ্ন ছিল, পাকা ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, পরিবারের অভাব ঘোচাবেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা দুই দিনের বৃষ্টি। জমিতে পানি জমে থাকায় বন্ধ রয়েছে ধান কাটা। অন্যদিকে, কেটে রাখা পাকা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় এক লাখ ৪ হাজার ৬০০ হেক্টরের বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখনও ৬৮ হাজার ৯৭৪ হেক্টর জমির ধান কাটা হয়নি। অর্থাৎ, জেলার মোট আমন আবাদি জমির বড় একটি অংশের ধান এখনও মাঠে রয়েছে। এমন সময়ে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

Advertisement

কৃষি বিভাগের প্রকাশিত উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, ঝিনাইদহ সদর উপজেলায় ২৫ হাজার ২৫২ হেক্টর, শৈলকুপায় ২৪ হাজার ৯৪৫ হেক্টর, কালীগঞ্জে ১৮ হাজার ৭৩৪ হেক্টর, মহেশপুরে ১৮ হাজার ১৫৫ হেক্টর, হরিণাকুণ্ডুতে ১১ হাজার ২৩২ হেক্টর এবং কোটচাঁদপুরে ৬ হাজার ১৮২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপজেলাভিত্তিক হিসাব অনুযায়ী, মোট আবাদি জমির পরিমাণ ১ লাখ ৪ হাজার ৬০০ হেক্টর।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা, শুকানো ও বাড়িতে নেওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধানও ঝুঁকির মধ্যে রয়েছে। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও ফলনহানির আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষক আশাদুজ্জামান বলেন, ধারদেনা করে জমিতে ধান আবাদ করেছেন। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। জমিতে পানি থাকায় শ্রমিক পাওয়া গেলেও ধান কাটার উপায় নেই। কেটে রাখা ধানও রক্ষা করা যাচ্ছে না। কয়েক দিনের বৃষ্টিতে সারা বছরের কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।

কৃষক আব্দুল খালেক বলেন, ধান ঘরে তুলতে দেরি হলে শ্রমিক ও পরিবহন খরচ বাড়বে। অন্যদিকে, জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদও পিছিয়ে যেতে পারে। ফলে একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বাড়তি উৎপাদন খরচের বোঝা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

শুধু ধান নয়, বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের গো-খাদ্য নিয়েও। কৃষক মোসলেম উদ্দিন বলেন, কাটা ধান বৃষ্টিতে ভিজে থাকলে তা থেকে ভালো বিচুলি তৈরি করা সম্ভব হবে না। ভেজা ধান ও খড় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে বিচুলি বিক্রি করে বাড়তি আয় থেকে বঞ্চিত হবেন কৃষকরা, অন্যদিকে গবাদিপশুর খাদ্যসংকটও দেখা দিতে পারে। ফলে ধানের পাশাপাশি গো-খাদ্য নিয়েও নতুন করে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। যেসব জমির ধান পেকে গেছে, সেসব জমির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। কেটে রাখা ধান যতটা সম্ভব উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নিতে হবে। বৃষ্টিতে কাটা ধান ও খড় দীর্ঘসময় ভিজে থাকলে বিচুলি তৈরি ও সংরক্ষণে সমস্যা হতে পারে। এতে কৃষকদের গো-খাদ্য সংকট ও আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।