কুমিল্লা জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রহমান

ইলিয়টগঞ্জ ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জেলা সম্মেলনে ঘোষিত ‘সুপার ফাইভ’ কমিটিতে তিনি পুনরায় এ পদে নির্বাচিত হন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
সম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নবনির্বাচিত ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে অধ্যাপক এমদাদুল হক পলাশ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে অধ্যাপক নাজমা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আবদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক সারোয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক নেছার আহমেদ রাজু নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান বলেন, ‘আমাকে পুনরায় কুমিল্লা জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সব শিক্ষক ও নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং কুমিল্লার কলেজ শিক্ষার মানোন্নয়নে আমি অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’
এদিকে অধ্যক্ষ আবদুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির দাউদকান্দি উপজেলা শাখার নেতারা।





