গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

খেলতে গিয়ে গলায় বেলুন আটকে তাবাসুম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার কশামী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু তাবাসুম কশামী এলাকার বাসিন্দা মহিন উদ্দিনের মেয়ে।
জানা যায়, শিশুটি বাড়িতে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত একটি বেলুন মুখে দিলে সেটি তার গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা মহিন উদ্দিন বলেন, আমরা কর্মজীবী মানুষ। কর্ম করে খাই। শুনছি ফুলাতে গিয়ে গলায় বেলুন আটকে গেছে। আমি হাসপাতালে আছি, পরে কথা কমু।
বরুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল এশিয়া পোস্টকে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। সচেতনতার অভাবে এসব ঘটনা ঘটছে। তবুও এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকলে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





