৬৩ জেলায় সারের নতুন ডিলারের ৭৯ ভাগই বিএনপি সংশ্লিষ্ট
• ৬৩ জেলায় সারের ৩ হাজার ৫৬১ নতুন ডিলারের তথ্য বিশ্লেষণ করেছে এশিয়া পোস্ট
• তাদের মধ্যে ২ হাজার ৭৯৮ জন বিএনপি সংশ্লিষ্ট, যা মোট ডিলারের ৭৮ দশমিক ৬ শতাংশ
• সারের ডিলারের তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ১৫১ জন
• তালিকায় নাম রয়েছে জামায়াত সংশ্লিষ্ট ৩৩ জন এবং এনসিপি সংশ্লিষ্ট দুজন
• দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীদের মধ্য থেকে ডিলারশিপ পেয়েছেন ৫১০ জন, যা মোট ডিলারের ১৪ শতাংশ

সারাদেশে সম্প্রতি নতুন করে সারের ডিলার নিয়োগ দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গত ২৬ অক্টোবর সাংবাদিকদের জানান, সারা দেশে সাড়ে চার হাজারের বেশি সারের ডিলার নিয়োগ করা হয়েছে। এর মধ্য থেকে ৬৩ জেলার ৩ হাজার ৫৬১ জনের তথ্য বিশ্লেষণ করেছে এশিয়া পোস্ট।
বিশ্লেষণের তথ্য অনুযায়ী, নতুন করে নিয়োগ পাওয়া ডিলারদের মধ্যে ২ হাজার ৭৯৮ জন বিএনপিসংশ্লিষ্ট। এ হার মোট সংখ্যার ৭৮ দশমিক ৬ শতাংশ। তাদের কেউ দলীয় নেতাকর্মী, কেউ নেতাকর্মীদের নিকটাত্মীয়।
কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কৃষকের কাছে যথাসময়ে ন্যায্য দামে সার পৌঁছে দিতে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে এশিয়া পোস্টের অনুসন্ধান বলছে, দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত পরিবেশকদের মধ্যে ডিলারশিপ পেয়েছেন মাত্র ৫১০ জন, যা মোট ডিলারের ১৪ শতাংশ।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সারা দেশে পরিবেশক হওয়ার জন্য ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্থানীয় কৃষি অফিসের সুপারিশের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হয়। তবে পরে কয়েকটি উপজেলায় নিয়োগপ্রাপ্ত ডিলারের তালিকা স্থগিত করা হয়েছে।
সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত হওয়া ডিলারদের তালিকা নিয়ে অনুসন্ধান শুরু করে এশিয়া পোস্ট। ৬৩ জেলার ৩ হাজার ৫৬১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা যায়, অভিজ্ঞতা ও যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যবসা, অভিজ্ঞতা বা গুদাম না থাকলেও দৃশ্যত রাজনৈতিক পরিচয়কে মানদণ্ড ধরা হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ৩ হাজার ৫৬১ জনের মধ্যে ২ হাজার ৭৯৮ জন বিএনপির নেতাকর্মী বা তাদের নিকটাত্মীয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ১৫১ জন, যা মোট ডিলারের ৪ দশমিক ২ শতাংশ। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ৩৩ জন ডিলারশিপ পেয়েছেন। এনসিপির সঙ্গে যুক্ত এমন ডিলার মাত্র দুজন।
অন্যদিকে অভিজ্ঞ ব্যবসায়ীদের মধ্য থেকে পরিবেশক হয়েছেন ৫১০ জন, যা মোট ডিলারের ১৪ শতাংশ। আর ৬৭ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিএনপির সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি লক্ষ্মীপুর, চাঁদপুর, বান্দরবান, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁয়। এসব জেলায় শতভাগ পরিবেশক দলটির নেতাকর্মী বা তাদের পরিবারের সদস্য।
১৯ জেলায় এ হার ৯০ শতাংশের বেশি। এর মধ্যে রংপুর ৯৮ দশমিক ৮ শতাংশ, ভোলা ৯৮, কিশোরগঞ্জ ৯৭ দশমিক ৭, পঞ্চগড় ৯৭ দশমিক ৪ এবং কক্সবাজারে ৯৭ দশমিক ৩ শতাংশ বিএনপি সংশ্লিষ্ট। যশোরে এ হার ৯৫ দশমিক ৯ শতাংশ। গাজীপুর ও মেহেরপুরে ৯৫ শতাংশ, কুড়িগ্রাম ৯৪ দশমিক ৯, শেরপুর ৯৪ দশমিক ৬, গাইবান্ধা ৯৩ দশমিক ৮ এবং চুয়াডাঙ্গায় ৯৩ দশমিক ৩ শতাংশ বিএনপি সংশ্লিষ্ট। ময়মনসিংহ ও জয়পুরহাটে এই হার যথাক্রমে ৯২ দশমিক ৯ এবং ৯১ দশমিক ৪ শতাংশ। পিরোজপুরে ৯১ দশমিক ৩ শতাংশ, দিনাজপুর ৯১ দশমিক ১, কুমিল্লা ৯০ দশমিক ৯, মাগুরা ৯০ দশমিক ৯ এবং নরসিংদীতে ৯০ দশমিক ৮ শতাংশ বিএনপি সংশ্লিষ্ট।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ডিলার সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জন। এরপর পটুয়াখালীতে ১২ ও কুমিল্লায় ১১ জন। ফরিদপুর, নীলফামারী ও সুনামগঞ্জে ৭ জন করে আওয়ামী লীগের নেতাকর্মী ডিলারশিপ পেয়েছেন।
প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রামে ৮ জন। কুমিল্লায় ৫ জন ও সাতক্ষীরায় ৪ জন। এনসিপির একজন করে ডিলার আছেন পটুয়াখালী ও ঝালকাঠিতে।
ঢাকা বিভাগ
ঢাকা বিভাগের ১৩ জেলায় ৬৩১ জন ডিলারের তথ্য বিশ্লেষণ করেছে এশিয়া পোস্ট। এর মধ্যে ৪৯০ জন, অর্থাৎ ৭৭ দশমিক ৬৫ শতাংশ বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ২৬ জন। জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত দুজন। বাকি ১১৩ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।
ঢাকা বিভাগে জেলার হিসেবে বিএনপির সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি কিশোরগঞ্জে। সেখানে ৪৩ জনের মধ্যে ৪২ জন, অর্থাৎ ৯৭ দশমিক ৬৭ শতাংশ দলটির সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগ সম্পৃক্ত ডিলার সবচেয়ে বেশি ফরিদপুরে ৭ জন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩ ইউনিয়নে নতুন নিয়োগ পাওয়া ১৩ ডিলারের সবাই বিএনপির নেতাকর্মী বা তাদের স্বজন। চালা ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নীরব আহম্মেদ চুন্নুর স্ত্রী তছলিমা বেগম। হারুকান্দিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া আক্তার। গোপীনাথপুরে ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন মোল্লার (লাভলু) ছেলে রবিউল ইসলাম। চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত উপজেলা সদস্যসচিব আবু সা’দাত মো. শাহিনের স্ত্রী হ্যাপি আক্তারও ডিলার হয়েছেন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ৭০১ জন ডিলারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৬০৯ জন (৮৬ দশমিক ৮৮ শতাংশ) বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ৩৮ জন, জামায়াতে ইসলামীর ১৬ জন। এনসিপির কেউ নেই। বাকি ৩৮ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।
বিএনপি সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি লক্ষ্মীপুর, চাঁদপুর ও বান্দরবানে। তিন জেলাতেই শতভাগ ডিলার দলটির সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগের পরিচয়ধারী ডিলার সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে গোকর্ণ ইউনিয়নের মোহাম্মদ আদনান সাদী এবং তার ভগ্নিপতি সদর ইউনিয়নের আরক মিয়া ডিলার হয়েছেন। গোয়ালনগর ইউনিয়নে ডিলার হয়েছেন আদনান সাদীর ভাগনের স্ত্রী নুরন্নাহার আক্তার। তবে এম এ হান্নানের দাবি, সবকিছু নিয়ম মেনেই হয়েছে।
লক্ষ্মীপুরে ৫৭ ডিলারের সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বা তাদের স্বজন। তাদের মধ্যে আছেন রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (পলাশ) ও করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিবসহ ২৫ জনের বেশি দলীয় পদধারী নেতা। বাকিরা তাদের আত্মীয়। বাদ পড়েছেন চন্দ্রগঞ্জ বাজারে ২০০২ সাল থেকে ব্যবসা করা মো. শোভনের মতো পুরোনো ব্যবসায়ীরা।
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের ৮ জেলায় ৩৭০ জন ডিলারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২৯৭ জন (৮০ দশমিক ২৭ শতাংশ) বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ডিলার পাওয়া যায়নি। জামায়াতে ইসলামীর ১২ জন এবং এনসিপির ২ জন রয়েছেন। বাকি ৫৯ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁ, তিন জেলাতেই তালিকাভুক্ত সব ডিলার বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।
রাজশাহীতে ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে ৬৯ ডিলারের তালিকা চূড়ান্ত হয়। বৈঠকে ছিলেন জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাদ।
অনুসন্ধানে দেখা যায়, সারের ডিলারশিপ পাওয়া চারঘাট এলাকার আলিফ ট্রেডার্সের মালিক জিনিয়া পারভিন উপজেলা যুবদলের আহ্বায়ক বুলবুল হোসেনের স্ত্রী। একই উপজেলার সরদহে অথৈয় অ্যান্ড আরিয়া ট্রেডার্সের মালিক ইসরাত জাহান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেনের স্ত্রী। ইউসুফপুরে সুরভি আক্তার শিখা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিনের স্ত্রী।
বাঘার বাউসায় আতিক ট্রেডার্সের মালিক জোবাইদা খাতুন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশের স্ত্রী। তানোরের পাঁচন্দরে অহনা ট্রেডার্সের মালিক উম্মুল মোমেনিন খান উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজার স্ত্রী এবং বাধাইড়ে মর্জিনা এন্টারপ্রাইজের মালিক সিদ্দিকা তামান্না উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মামুনুর রশিদের স্ত্রী।
তানোরের কলমায় ডিলারশিপ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শীষ মোহাম্মদের ছেলে তানভীর আহমেদ। একই উপজেলার সরনজাইয়ে শাহনেওয়াজ ট্রেডার্সের মালিক শাহনেওয়াজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের ছেলে। তালন্দে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক ওমর ফারুক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নানের ছেলে।
পুঠিয়া পৌরসভায় ডিলারশিপ পাওয়া ফারিশ ট্রেডার্সের মালিক সাহেদ হাসান রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডলের নাতনির জামাই। মোহনপুরে শাপলা ট্রেডার্সের মালিক উমর ফারুক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেকের ছেলে।
পবা উপজেলার পারিলায় ইপ্তি এন্টারপ্রাইজের মালিক নাঈম ওয়াসিফ উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাকের ছেলে। হরিয়ানে ডিলার হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের ছেলে আতিকুর রহমান।
দুর্গাপুরের ডিলার ওয়ালিউজ্জামান রওনক উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের ছেলে। আরেক ডিলার শাহ আলম সবুজ জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর মন্টুর ছেলে। একই উপজেলায় জয়নগরে সাইদুর রহমান উপজেলা বিএনপির সদস্যসচিব জুবায়েদ হোসেনের ভাই।
খুলনা বিভাগ
খুলনা বিভাগের ১০ জেলায় ৪৭২ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৭৭ জন (৭৯ দশমিক ৮৭ শতাংশ) বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ২৭ জন, জামায়াতে ইসলামীর ৫ জন। এনসিপির কেউ নেই। বাকি ৬৩ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।
বিভাগে বিএনপির সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি যশোরে। সেখানে ৯৭ জনের মধ্যে ৯৩ জন, অর্থাৎ ৯৫ দশমিক ৮৮ শতাংশ বিএনপির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের ডিলার সবচেয়ে বেশি সাতক্ষীরা ও ঝিনাইদহে, দুই জেলাতেই ৬ জন করে।
ঝিনাইদহে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের ভাই আব্দুল লতিফ হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নে ডিলার হয়েছেন। এমএ মজিদের শ্যালক নাজমুল হক মিশু কালীগঞ্জের শিমলা-রোকনপুর ইউনিয়নে ডিলার হয়েছেন। বড় শ্যালক মাহমুদ হাসান লিটনের স্ত্রী সুরমা হাসান ডিলারশিপ পেয়েছেন ত্রিলোচনপুর ইউনিয়নে। যশোরের চৌগাছায় পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া ডিলারশিপ পেয়েছেন।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের ৬ জেলায় ২৮৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০৯ জন (৭৩ দশমিক ৩৩ শতাংশ) বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ১৯, জামায়াতে ইসলামীর চার এবং এনসিপির দুজন। বাকি ৫১ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। বিএনপির সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি ভোলায় ৫০ জনের মধ্যে ৪৯ জন (৯৮ শতাংশ)। আওয়ামী লীগের পরিচয়ধারী ডিলার সবচেয়ে বেশি পটুয়াখালীতে ১২ জন।
বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল খন্দকারের দুই ভাই ডিলার হয়েছেন। সিরাজ খন্দকার পেয়েছেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে। শাহ আলম খন্দকার পেয়েছেন চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়ায় ‘খন্দকার স্টোর’ নামে।
বানারীপাড়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার দুই ভাই আরিফ মৃধা ও সোহেল মৃধা ডিলার হয়েছেন। একই গুদামের ঠিকানা ব্যবহার করে ডিলারশিপ নিয়েছেন তারা। একই সঙ্গে ডিলার হয়েছেন উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহমেদ সুমন হাওলাদার।
সিলেট বিভাগ
সিলেট বিভাগের চার জেলার মধ্যে তিনটির তথ্য সংগ্রহ করেছে এশিয়া পোস্ট। তিন জেলার ২২৮ জন ডিলারের মধ্যে ১৮৪ জন, অর্থাৎ ৮০ দশমিক ৭০ শতাংশ বিএনপির নেতাকর্মী বা তাদের পরিবারের সদস্য। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ৯ জন ও জামায়াতে ইসলামীর একজন। বাকি ৩৪ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।
বিএনপির সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি হবিগঞ্জে, ৮৪ জনের মধ্যে ৭৪ জন। বিভাগে আওয়ামী লীগের ডিলার সবচেয়ে বেশি সুনামগঞ্জে ৭ জন। জামায়াতসংশ্লিষ্ট একজন।
রংপুর বিভাগ
রংপুর বিভাগের ৮ জেলায় ৪৩৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৭৮ জন (৮৬ দশমিক ৯০ শতাংশ) বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ১৪ জন, জামায়াতে ইসলামীর ৩ জন। এনসিপির কেউ নেই। বাকি ৪০ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।
বিএনপির সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি রংপুর জেলায়। ৮১ জনের মধ্যে ৮০ জন (৯৮ দশমিক ৭৭ শতাংশ)। সবচেয়ে কম নীলফামারীতে। ৬৩ জনের মধ্যে ৩১ জন (৪৯ দশমিক ২১ শতাংশ)। বিভাগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ডিলার সবচেয়ে বেশি নীলফামারীতে ৭ জন। রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি ২৫ জনের।
ঠাকুরগাঁওয়ের চার উপজেলায় নিয়োগ পাওয়া ৩১ ডিলারের ২৮ জন বিএনপিসংশ্লিষ্ট। রানীশংকৈলের আমগাঁওয়ে ডিলার হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান। ডাঙ্গীপাড়ায় ডিলার হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক। রানীশংকৈল পৌরসভায় হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। পীরগঞ্জ পৌরসভায় হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার।
সব মিলিয়ে ৯ বিএনপি নেতার স্ত্রী, ৪ জনের সন্তান, ২ জনের ভাই, ঠাকুরগাঁওয়ে ডিলার হয়েছেন। বাকি তিনজনের মধ্যে ধর্মগড়ে ডিলার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সহসভাপতি। অপর দুজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ৩৭৭ জনের মধ্যে ২৬৪ জন অর্থাৎ ৭০ দশমিক ০৩ শতাংশ বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্য। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ৬ জন। জামায়াত ও এনসিপির কেউ নেই। বাকি ১০৭ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। বিএনপির সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি শেরপুরে। ৫৬ জনের মধ্যে ৫৩ জন (৯৪ দশমিক ৬৪ শতাংশ)।
গফরগাঁওয়ে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের ছোট ভাই মনিজ্জামান ডিলার হয়েছেন। জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে ১৭ ডিলারের ১৬ জনই বিএনপি নেতা বা তাদের স্বজন। এর মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জাহিদুর রহমান সঞ্জয়ও রয়েছেন। তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের চাচাতো ভাই। বকশীগঞ্জে ডিলার হয়েছেন মন্ত্রীর চাচাতো বোনের ছেলে আতিকুর রহমান।
এ বিষয়ে জানতে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খানকে মুঠোফনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পর ফোনের সংযোগ কেটে দেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব আবু জাফর রাশেদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। সারের ডিলার নিয়োগের বিষয়টি বিএডিসির সঙ্গে সম্পর্কিত না। এটি উপজেলার পর জেলা হয়ে মিনিস্ট্রিতে আসে।
তিনি আরও বলেন, এটার বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি আছে। এরপর নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ে চূড়ান্ত হয়। সারের ডিলার নিয়োগ বিএডিসির অংশ নয়। আমরা শুধু বীজ ডিলারের নিয়োগের বিষয়টা দেখি।




