logo

বিকল নৌকায় সমুদ্রে ভাসছিলেন আট জেলে, উদ্ধার করল কোস্টগার্ড

বিকল নৌকায় সমুদ্রে ভাসছিলেন আট জেলে, উদ্ধার করল কোস্টগার্ড
সমুদ্র ভাসতে থাকা আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: এশিয়া পোস্ট

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে আট জেলেসহ একটি মাছ ধরার ট্রলার সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিল। সেখানে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রালাটিতে জেলেরা গভীর সমুদ্রে ভাসতে থাকেন।

গত ২৪ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ফোনে ট্রলারের মালিককে বিষয়টি জানান। পরে মালিক কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কোকিলমনি থেকে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গভীর সমুদ্র এলাকা থেকে ট্রলারটি শনাক্ত করে আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। উদ্ধার করা ট্রলারসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।