দুদিন ধরে নিখোঁজ কিশোরের মরদেহ মিলল ধানক্ষেতে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে রাব্বি (১৭) নামে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোর গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ক্ষেতলালের নশিরপুর এলাকার হন্তনাবাদ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, নশিরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল।
মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




