logo

২০ টাকা কেজিতে স্কুলের নতুন বই বিক্রি, প্রধান শিক্ষককে শোকজ

২০ টাকা কেজিতে স্কুলের নতুন বই বিক্রি, প্রধান শিক্ষককে শোকজ
সরকারি পাঠ্যবই ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারির দোকানে কেজি দরে বিক্রির অভিযোগে মোলামগাড়িহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ উঠেছে।

গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাট এলাকার একটি ভাঙারির দোকানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষকের নির্দেশে বইগুলো কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন, তারা কোনো বোর্ড বই বিক্রি করেননি। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের কাছে বই বিক্রির বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান বলেন, বই বিক্রির ঘটনায় মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন আজ রোববার জমা দেওয়ার কথা রয়েছে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, বিষয়টি জানার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্তে সরকারি পাঠ্যবই বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট