ট্রেন থামাতে হাত তোলেন বৃদ্ধা, কাটা পড়ে গেল প্রাণ

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সামনে গিয়ে হাত তুলে থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে আশপাশের মানুষকে খবর দেন। একপর্যায়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
পাঁচবিবি রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।