logo

মালয়েশিয়ার স্বপ্নে পাহাড়ি বন্দিশালায় জিম্মি, ভয়াবহতার কথা জানালেন সেনা অভিযানে উদ্ধার লিটু

তাওহিদুল ইসলাম
ফরিদপুর
মালয়েশিয়ার স্বপ্নে পাহাড়ি বন্দিশালায় জিম্মি, ভয়াবহতার কথা জানালেন সেনা অভিযানে উদ্ধার লিটু
সেনাবাহিনীর অভিযানে উদ্ধার এসএম আসাদুজ্জামান লিটু। ছবি: এশিয়া পোস্ট

উন্নত জীবনের মোহে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন একসময় অনেকের জন্যই দুঃস্বপ্নে পরিণত হয়, যার নির্মম চিত্র উঠে এসেছে মানবপাচারের শিকারে বন্দিশালা থেকে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার এসএম আসাদুজ্জামান লিটুর ভয়াবহ অভিজ্ঞতায়। কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ি বন্দিশালায় দীর্ঘদিন জিম্মি থাকার পর সেনাবাহিনীর অভিযানে মুক্ত হয়ে তিনি বর্ণনা করেছেন সেখানে চলা অবর্ণনীয় নির্যাতন, মুক্তিপণ আদায় এবং মানবপাচারকারীদের ভয়ংকর সব কথা।

প্রলোভনের ফাঁদে পা দিয়ে বন্দিদশার সেই বিভীষিকাময় দিন পার করার পাশাপাশি, এ অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এক বীর সদস্যের আত্মত্যাগের গল্পও উঠে এসেছে তার এই বিশেষ সাক্ষাৎকারে।

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের বন্দিশালা থেকে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়ার পর নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন লিটু। তিনি বলেন, সাগরপথে কেউ মালয়েশিয়া যাবেন না। সেখানে মানুষকে জিম্মি করে নির্যাতন করা হয়, মুক্তিপণ আদায় করা হয়। এমনকি মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির কথাও বলত মানবপাচারকারীরা।

এশিয়া পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লিটু জানান, কাজের প্রলোভনে তাকে কক্সবাজার থেকে টেকনাফে নিয়ে গিয়ে আট দিন ধরে জিম্মি করে রাখা হয়েছিল। ছোট একটি ঝুপড়িঘরে তার মতো আরও শতাধিক মানুষকে বন্দী করে রাখা হয়। সেখানে চলত শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা। তার অভিযোগ, মুক্তিপণ দিতে না পারলে অনেক বন্দিকে আর ফিরে আসতে দেখেননি তিনি।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে সেনাবাহিনীর অভিযানের সময়। ওই অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখ। পরে বন্দিদশা থেকে মুক্ত লিটু সেনা সদস্যদের সহযোগিতায় গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে তুলে দুর্গম পাহাড় পেরিয়ে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন ফরিদপুরের নগরকান্দার সন্তান তিতাস।

কাজের প্রলোভনে যেভাবে মানবপাচারকারীদের ফাঁদে পড়েন লিটু

লিটু জানান, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে আতিক নামের এক ব্যক্তির বরই বাগানে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। সেই সুবাদে চার-পাঁচজন রোহিঙ্গার সঙ্গে তার পরিচয় হয়। তারা মিয়ানমারের বিভিন্ন পণ্য কেনাবেচার ব্যবসা করতেন। মাঝেমধ্যে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে কথাবার্তা হতো। একপর্যায়ে তাদের সঙ্গে ব্যবসা করার আগ্রহ তৈরি হয় তার। এরই মধ্যে এনামুল নামের এক রোহিঙ্গা তাকে ফোন করে জানান, তিনি একটি হোটেল নিয়েছেন এবং লিটুকে কক্সবাজারে যেতে বলেন। তার কথায় কক্সবাজারে পৌঁছালে তাকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে যেতে বলা হয়।

লিটু বলেন, সেখানে পৌঁছে প্রথমে জমজম হোটেলে খাওয়াদাওয়া করি। পরে আমাকে রেজিস্টার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন-চারজন ছেলের সঙ্গে রাত কাটাই। পরদিন সকালে কাজের কথা বলে মোটরসাইকেলে করে আমাকে টেকনাফে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি চায়ের দোকানে দুধ চা খাওয়ানোর পর সরু গলির ভেতরে নিয়ে আমার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর বুঝতে পারি, আমি তাদের হাতে জিম্মি হয়ে পড়েছি।

ছোট ঝুপড়িঘরে ১৩০ বন্দি, প্রতিদিন আসত নতুন মানুষ

লিটুর দাবি, তাকে যে বন্দিশালায় রাখা হয়েছিল, সেটি ছিল পাহাড়ি এলাকার একটি ছোট ঝুপড়িঘর। সেখানে একপর্যায়ে প্রায় ১৩০ জন মানুষকে বন্দী অবস্থায় দেখেন তিনি। তিনি বলেন, পরদিন সেখান থেকে প্রায় ১০০ জনকে সাগরপথে মালয়েশিয়ার ও থাইল্যান্ডের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন সকালে আরও প্রায় ৫০ জনকে সেখানে নিয়ে আসা হয়। এভাবেই প্রতিদিন নতুন নতুন মানুষ বন্দী করে রাখা হতো। কেউ কেউ মুক্তি পেলেও অনেকের আর কোনো খোঁজ পাওয়া যেত না।

তার ভাষ্য, এই চক্রের দেশের বিভিন্ন জেলায় নেটওয়ার্ক রয়েছে। বিশেষ করে ১৫ থেকে ১৭ বছর বয়সি কিশোর-তরুণদেরও বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে বন্দিশালায় নিয়ে যাওয়া হতো।

তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর, আট দিন ধরে নির্যাতন

লিটু জানান, এনামুলের মাধ্যমে তাকে নিয়ে যাওয়ার পর ফতু ও কাইফা নামের দুজনের কাছে হস্তান্তর করা হয়। তার অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্যরা একে অপরের কাছে মানুষকে হস্তান্তর করত। প্রথমে তাকে টেকনাফে মুরগির খামার ও রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে বন্দী করে রাখা হয়।

লিটু বলেন, টানা আট দিন তাদের জিম্মি করে রাখা হয়। এসময় মানসিক নির্যাতন, মারধরসহ নানা ধরনের শারীরিক অত্যাচার চালানো হতো। ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করত তারা।

তার দাবি, বন্দিশালায় থাকা অবস্থায় তার সামনে কয়েকজনকে হত্যা করা হয়েছে। বন্দিদের মধ্য থেকে একের পর এক মানুষকে বাইরে নিয়ে যাওয়া হতো। তাদের অনেকেই আর ফিরে আসতেন না। কেউ এ বিষয়ে প্রশ্ন করলে তাকেও হত্যার হুমকি দেওয়া হতো। এমনকি হত্যা করে পাহাড়ের মধ্যেই কবর দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।

অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির কথা বলে আতঙ্ক ছড়াত পাচারকারীরা

মানবপাচারকারীদের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে লিটু জানান, তাদের অত্যাচারের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। বিভিন্ন সময় তারা বলত, মানুষকে বিভিন্ন দেশে নিয়ে গিয়ে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হয়। এসব কথা শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়তেন এবং সারাক্ষণ আল্লাহর নাম জপতেন।

তার ভাষ্য, কোনো পরিবারের পক্ষে মুক্তিপণের টাকা দেওয়া সম্ভব না হলে বন্দিদের দুর্গম পাহাড়ে নিয়ে হত্যার ভয় দেখানো হতো। যাদের নিয়ে যাওয়া হতো, তাদের অনেকেই আর ফিরে আসতেন না।

মালয়েশিয়া পাঠানোর নামে জনপ্রতি চার লাখ টাকা আদায়ের অভিযোগ

লিটুর দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়া ও থাইল্যান্ড কেন্দ্রিক মানবপাচার চক্রের সঙ্গে বিভিন্ন পর্যায়ের দালাল জড়িত। তার দাবি, চক্রের দালালরা মানুষপ্রতি তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত কমিশন পেতেন। আর মালয়েশিয়ায় পাঠানোর জন্য জনপ্রতি প্রায় চার লাখ টাকা নেওয়া হতো।

তিনি বলেন, প্রথমে বন্দিদের ছবি তোলা হতো। এরপর তাদের ট্রলারে তুলে সাগরপথে পাঠানোর ব্যবস্থা করা হতো। ছবি পাঠিয়ে দেওয়া হতো মূল দালালের কাছে। পরে পরিবারের পক্ষ থেকে টাকা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রহণ করার ব্যবস্থা করা হতো। আর টাকা দিতে না পারলে তাদের আর বাড়ি ফেরা হতো না।

লিটুর দাবি, দুই লাখ টাকা দিতে পারলে তাকেও বন্দিশালা থেকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল।

পাহাড়ের গোপন আস্তানায় অস্ত্রধারীদের পাহারা

লিটুর বর্ণনায়, বন্দিশালাটি ছিল অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছানো কঠিন ছিল। চক্রের সদস্যদের কেউ অস্ত্র দেখাশোনা করত, কেউ রান্নার কাজ করত, আবার কেউ পাহাড়ের উঁচু স্থানে বসে পাহারা দিত।

খুইলা নামের এক ব্যক্তির কথা উল্লেখ করে লিটু জানান, ওই ব্যক্তি অস্ত্র মেরামতের কাজে ব্যস্ত থাকতেন। পাশাপাশি পাহাড়ের উঁচু স্থানে অবস্থান নিয়ে নজরদারিও করতেন।

তার দাবি, চক্রের সদস্যদের কাছে দেশীয় তৈরি কার্তুজভিত্তিক অস্ত্র ও কাটা রাইফেল ছিল। এ ছাড়া ওই দলে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেওয়া তিনজনও ছিলেন। তারা বন্দিদের কিনে নিয়ে যেতেন বলে অভিযোগ করেন লিটু।

সেনাবাহিনীর অভিযান, চিৎকার করে বাঁচার আকুতি

লিটুর জীবনের মোড় ঘুরে যায় সেনাবাহিনীর অভিযানের সময়। তিনি জানান, এক পর্যায়ে পাহাড়ে অভিযানকারী দলের উপস্থিতি টের পান। প্রথমে অন্য কোনো সশস্ত্র দল এসেছে বলে ধারণা করেন বন্দিরা। এসময় তাদের বন্দিশালার অনেক বাংলাদেশি নিচে নেমে যান। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর অভিযানকারী দলের সদস্যদের ইউনিফর্ম দেখে বুঝতে পারেন, তারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। তখনই চিৎকার করে আল্লাহর নাম নিতে থাকেন এবং তাকে দ্রুত উদ্ধার করার আকুতি জানান।

লিটু বলেন, সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির পরপরই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। গোলাগুলির শব্দ শুনে অন্য একটি বন্দিশালায় আটকে থাকা বেশ কয়েকজন বাংলাদেশিও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তিতাস নামের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হন। তার বুকের বাঁ পাশে গুলি লাগে।

গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে নিয়ে দুর্গম পাহাড় পেরোলেন লিটু

লিটুর ভাষ্য অনুযায়ী, তিতাস গুলিবিদ্ধ হওয়ার পর তিনি সেনাসদস্যদের সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তখন তার কোমরে বাঁধা দড়ি খুলে দেওয়া হয়। এরপর দ্রুত গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে তুলে নেন তিনি।

লিটু বলেন, সেনাবাহিনীর সদস্য এবং বন্দিদশা থেকে মুক্ত হওয়া আরও দুজনের সহযোগিতায় গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে নিয়ে কয়েকটি পাহাড় অতিক্রম করি। পথটি ছিল অত্যন্ত দুর্গম। সমতল পথের হিসাবে অনেক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে আমাদের। পাহাড় পেরিয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছানোর পর তিতাসকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

সেনাবাহিনীর অভিযানের সময় এক সেনাসদস্যের সঙ্গে কথা বলতে গিয়ে লিটু জানতে পারেন, তার বাড়িও ফরিদপুরে। পরে তিনি জানতে পারেন, ওই অভিযানে ফরিদপুরের চার সেনাসদস্য অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে তিতাস শেখ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

লিটু বলেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে আমি বন্দিশালার কার্যক্রম ও মানবপাচারকারী চক্রের সদস্যদের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছি। তাদের শনাক্ত করতেও সহযোগিতা করেছি।

চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেনাসদস্য তিতাস

আইএসপিআর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এসময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বাম কাঁধে গুলি বিদ্ধ হয়।

পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

হেলিকপ্টারে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা

তিতাসের মৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে শোকের মাতম শুরু হয়। মা-বাবা, স্ত্রী, স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ অ্যাকাডেমি (মডেল স্কুল) মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে তিতাসের মরদেহ নামানোর পর তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে মরদেহটি নেওয়া হয় উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে বিকেল ৫টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তার নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় সেনাসদস্য তিতাসকে।

তিতাসের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। তার মৃত্যুতে নগরকান্দার লস্করদিয়া এলাকাসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।