পাকিস্তান-শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে গাজীপুরে শুরু হচ্ছে টেপবল বিপিএল

গাজীপুরের কালিয়াকৈরে শুরু হতে যাচ্ছে টেপবল বিপিএল-২০২৬। দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে খেলবেন পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা। রানার্সআপ দলের জন্য থাকছে পাঁচ লাখ টাকা পুরস্কার।
আগামী ২৩ নভেম্বর (সোমবার) কালিয়াকৈর উপজেলার শফিপুরের পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। বিদেশি ও আইকন ক্রিকেটারদের অংশগ্রহণে এবারের আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টের খেলাগুলো পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া প্রতিদিনের খেলায় থাকছে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজবন্ড। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের। ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান তামিম ইকবাল।
টুর্নামেন্ট উপলক্ষে পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠকে আধুনিক সাজে প্রস্তুত করা হয়েছে। তৈরি করা হয়েছে গ্যালারি ও খেলার প্রয়োজনীয় অবকাঠামো। এতে হাজারো দর্শক সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
টেপবল ক্রিকেটের সভাপতি সারোয়ার হোসেন আকুল বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দলের পাশাপাশি বিদেশি ও আইকন খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।




