পুলিশের গাড়ির সামনে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। পুলিশের গাড়ির সামনে দিয়েই মিছিলটি বের করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর বরগুনা পৌর শহরের জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়ে শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হয়ে নাথপট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায় এবং তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দলটির ডাকা লকডাউন সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা। মিছিলের সময় সেখানে পুলিশের গাড়ি উপস্থিত ছিল।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মিছিলটি বেশ বড় ছিল। পুলিশের গাড়িতে ওসি (তদন্ত)ও ছিলেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


