logo

পিরোজপুরে ৩ হাজার ২৫০ হেক্টর আমন ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষক

পিরোজপুরে ৩ হাজার ২৫০ হেক্টর আমন ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষক
পিরোজপুরে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া আমন ধানের ক্ষেত। ছবি: এশিয়া পোস্ট

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা চার দিনের বৃষ্টিপাতের পর পাঁচ দিন অতিক্রম হলেও পিরোজপুরে প্রায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান পানিতে ডুবে আছে। পাশাপাশি ২১৭ হেক্টর জমিতে চাষ করা খেসারির ডাল ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। এতে ক্ষতির আশঙ্কায় পড়েছেন জেলার সহস্রাধিক কৃষক। আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, পিরোজপুর সদর ও জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের মাঠে হাঁটুসমান পানিতে নুইয়ে পড়া ধানগুলো ডুবে আছে। এর মধ্যে বিশেষ করে জিয়ানগর উপজেলার পত্তাশী, ইন্দুরকানী সদর, চন্ডিপুর ও বালিপাড়া এলাকাগুলোতে আমনের বেশি ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার আমন ধানের নিচু মাঠগুলো পানিতে ডুবে আছে এবং ভারী বর্ষণে ধানের ডগার মাথা নুয়ে পড়ে পানিতে ভাসছে।

Advertisement

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এ বছর ৬৪ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের ফলে ৩ হাজার ২৫০ হেক্টর জমির ধান ভারী বর্ষণের কারণে আক্রান্ত হয়েছে। এ ছাড়া ২ হাজার ২৫০ হেক্টর জমিতে রবি শস্য হিসেবে খেসারির ডালের চাষ করা হয়েছে; এর মধ্যে ১০৫ হেক্টর জমির খেসারি চাষের ক্ষতি হয়েছে এবং ২ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় ১১২ হেক্টর জমির শাক ও সবজির ক্ষতি হয়েছে। এতে মোট ৩ হাজার ৪৬৭ হেক্টর জমিতে ধান ও সবজির ক্ষতি হয়েছে। এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ।

এর প্রভাব পড়েছে বাজারেও; স্বল্প মূল্যে শীতকালীন শাকসবজি ক্রয়ের পরিবর্তে তা চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। গত ১৯ নভেম্বর ভোর থেকে শুরু করে ২২ নভেম্বর পর্যন্ত জেলায় টানা চার দিন বৃষ্টিপাত ঘটে। এরপর কেটে গেছে আজ পাঁচ দিন।

ইতিমধ্যে জেলার ভান্ডারিয়াসহ আশপাশের কয়েকটি অঞ্চলের ফসলি মাঠ পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ ও পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকারসহ সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তারা।

জিয়ানগরের ভবানীপুর গ্রামের কৃষক মাহাবুব হাওলাদার বলেন, আমি প্রায় দুই বিঘা জমিতে ৪০ হাজার টাকার মতো খরচ করে আমন ধানের চাষ করেছি। এর মধ্যে প্রায় ১৬ কাঠা জমির ধান বৃষ্টির কারণে ভেঙে পড়ে পানিতে ডুবে আছে। ধান এখনো পাকেনি, তাই কেটে উঠাতেও পারছি না। এবার বর্ষায় যে পরিমাণে ক্ষতি হয়েছে, তাতে লাভ হবে না। কৃষি অফিস থেকে সহযোগিতা করলে উপকৃত হতাম।

উপজেলার পত্তাশী গ্রামের তানজিল নামে এক চাষি বলেন, প্রচুর বৃষ্টির কারণে আমাদের এলাকায় প্রায় ১০০ বিঘা জমির আমন ধান ভেঙে বৃষ্টির পানিতে ভেসে আছে; ধানগুলো না পাকায় পচে যাচ্ছে। এই মৌসুমে আমাদের লাভ তো হবেই না, উল্টো ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

একই উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালি গ্রামের ধীরেন হালদার নামে আরেক চাষি বলেন, আমি শ্রমিক দিয়ে প্রায় তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। এই বৃষ্টিতে এক বিঘা জমির ধান শুয়ে গেছে; বৃষ্টির পানি জমে থাকায় ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

পার্শ্ববর্তী গাবগাছিয়া গ্রামের কৃষক মো. মতিয়ার রহমান ফকির বলেন, আমি শীতকালীন সবজি ফুলকপি, বিটকপি, টমেটো, লাউ, লাল শাক, পাং শাকসহ আরও কিছু শাকসবজির চাষ করেছিলাম। তবে ৪-৫ দিনের খারাপ আবহাওয়া ও প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক শাক ও সবজি নষ্ট হয়ে গেছে। আমাদের কিছু সহযোগিতা করলে ঘুরে দাঁড়াতে পারতাম।

উপজেলার সাঈদখালী গ্রামের আরেক বাসিন্দা হাফেজ মো. মাসুম বিল্লাহ বলেন, দুর্যোগপূর্ণ অঞ্চল হওয়ায় প্রতি বছর বন্যায় আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বর্তমানে ঝড়ের প্রভাবে ৩-৪ দিন বৃষ্টি হওয়ায় ধান ও শাকসবজির অনেক জায়গায় ক্ষতি হয়েছে। যার কারণে এখন বাজারেও দাম বেশি। বর্তমানে ফুলকপি ৮০ টাকা ও বেগুন ৯০ টাকা দরে কিনতে হচ্ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, জেলায় এ বছর ৬৪ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তবে ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে চার দিনের বৃষ্টিপাতের ফলে কিছু অঞ্চলের আমন ধানের মাথা পানিতে পড়ে গেছে, এতে প্রায় ৩,২৫০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। এছাড়া ২ হাজার ২৫০ হেক্টর জমিতে রবি শস্য হিসেবে খেসারি ডালের বীজ বপন করা হয়েছে; এর মধ্যে ১০৫ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে এবং ২ হাজার ২০০ হেক্টর শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় ১১২ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। তবে আমাদের রবি মৌসুমের যে ফসলগুলো কৃষকরা বোনে, এগুলো চাষ হওয়ার সময় জো কন্ডিশনটা বৃষ্টির কারণে পিছিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পানি নিষ্কাশনসহ নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। উঁচু স্থানের পানি মাটিতে চুয়ে যাচ্ছে, এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসছে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট