গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং খুলনার পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। এতে মহাসড়কের ওই অংশে যানবাহনের জট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।




