Advertisement

মা-বাবা জেলে, মাদক সাম্রাজ্যের হাল ধরে বৃষ্টিও কারাগারে

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
মা-বাবা জেলে, মাদক সাম্রাজ্যের হাল ধরে বৃষ্টিও কারাগারে
গ্রেপ্তার মেহেরুন্নেসা বৃষ্টি। ছবি : এশিয়া পোস্ট

মা-বাবার কারাবন্দির পর পরিবারটির মাদক কারবারের হাল ধরা মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Advertisement

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মেহেরুন্নেসা বৃষ্টিকে তার নিজ বসতবাড়ির সামনের গলি থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের পর উদ্ধার করা ইয়াবাসহ বৃষ্টিকে গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত বিষয়টি সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে নিষ্পত্তি করে আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত সাজার আদেশ দেন।

স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টির পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। সদর উপজেলার রেল বস্তির একটি ঘরে তার বাবা নুর ইসলাম ও মা শিল্পী বেগম মাদক কারবার শুরু করেন। বর্তমানে একাধিক মাদক মামলায় তার বাবা ও মা দুজনই ফরিদপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন। মা-বাবা কারাগারে যাওয়ার পর থেকে মেহেরুন্নেসা বৃষ্টিই পরিবারটির মাদক কারবার নিয়ন্ত্রণ করছিলেন বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরীন আক্তার বলেন, মেহেরুন্নেসা বৃষ্টিকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

বিষয় :