logo

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব: বিএনপি নেতার হুঁশিয়ারি

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব: বিএনপি নেতার হুঁশিয়ারি
ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কৃষকদল নেতা রাজু মোল্যা হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন (মাঝে)। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হলে এর দায়দায়িত্ব তাদের থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

Advertisement

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম কিবরিয়া স্বপন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের ভেতরে-বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। ভাঙ্গায় কৃষকদল নেতা এবং নড়াইলে কৃষক দল নেতাসহ দুজনকে হত্যার ঘটনাও ঘটেছে।

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ স্থানীয় নেতারা।

গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হন উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ উঠেছে। একই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

রাজু মোল্যা হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন কৃষক দলের নেতাকর্মীরা।