রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় পার্কিং করে রাখা একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) রাত আড়াইটার দিকে তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।




