কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ এবং কালজয়ী গ্রন্থ ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন এই প্রখ্যাত সাহিত্যিক। বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও আত্মজীবনীসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।
তার রচিত ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি। কারবালার মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে রচিত এই গ্রন্থ তাকে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। আজও বাংলা সাহিত্যের পাঠকদের কাছে এটি সমানভাবে সমাদৃত।
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত তার স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ৪০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সেমিনার ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন আর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
