রাজবাড়ী/ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি, ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিলের বিস্তীর্ণ এলাকার পেঁয়াজের বীজতলা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে।
ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসল রক্ষায় নিজেদের উদ্যোগে ১২টি সেচ মেশিন বসিয়ে জমে থাকা পানি অপসারণের চেষ্টা করছেন তারা।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিলের বিভিন্ন স্থানে সেচ মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে পানি সরানোর কাজ করছেন কৃষকরা। দিন-রাত পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দ্রুত পানি সরানো সম্ভব না হলে পেঁয়াজের বীজতলার চারা ও ধানের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
স্থানীয় কৃষক নাসিরুল কামাল সুজন বলেন, তালবাড়িয়া বিলে আশপাশের চার-পাঁচ গ্রামের কৃষকরা ধান ও পেঁয়াজের আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে সব ধানের জমি পানিতে তলিয়ে গেছে। পেঁয়াজের বীজতলাও পানির নিচে রয়েছে। এলাকার সুইচগেটের দুই পাশে পানির উচ্চতার পার্থক্যের কারণে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। এ কারণে কৃষকরা নিজেরাই পাম্প ও সেচ মেশিন বসিয়ে পানি অন্য পাশে সরানোর চেষ্টা করছেন। দ্রুত পানি সরিয়ে ধানের গাছ বাঁচানোই এখন তাদের প্রধান লক্ষ্য।
এদিকে রাজবাড়ী সদর উপজেলার কৃষক আশুতোষ মণ্ডল জানান, গত বছর পেঁয়াজের দাম কম থাকায় উৎপাদন খরচও তুলতে পারেননি কৃষকরা। এবার ধারদেনা করে পেঁয়াজের বীজ কিনে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে তার বীজতলার সব চারা নষ্ট হয়ে গেছে। তার দাবি, এলাকার প্রায় ৬০ শতাংশ কৃষক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে অনেক কৃষক আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবি জানান তিনি।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, বৃষ্টিপাতে কৃষিতে ক্ষতি হয়েছে। বিষয়টি কৃষি বিভাগ পর্যবেক্ষণ করছে।





