নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ -এর সিপিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালানো হয়। এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে বাড়িটি ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে জমিদার বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-১১-এর লেফটেন্যান্ট কোম্পানি কমান্ডার মো. হানিন আল তুরাবী এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত জমিদার বাড়িটিতে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার করা অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআরবি-১১ জানায়, উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
