logo

খুলনায় গ্যাসের জন্য কিলোমিটারজুড়ে গাড়ির সারি

খুলনায় গ্যাসের জন্য কিলোমিটারজুড়ে গাড়ির সারি
গ্যাসের অপেক্ষায় ফিলিং স্টেশনে প্রায় এক কিলোমিটারজুড়ে গাড়ির সারি। ছবি: এশিয়া পোস্ট

গ্যাসের সংকটে খুলনায় দুর্ভোগে পড়েছেন সিএনজি ও এলপিজিচালিত যানবাহনের চালক-মালিকরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনভর নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

মুজগুন্নীর ডিএম অটো ফিলিং অ্যান্ড গ্যাস সাপ্লাই স্টেশনের সামনে গাড়ির সারি ছড়িয়ে পড়ে প্রায় এক কিলোমিটার। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে অনেককে ফিরে যেতে হয়েছে। এতে কারও দিনভর আয় বন্ধ হয়েছে, আবার কেউ বাধ্য হয়েছেন বিকল্প জ্বালানিতে গাড়ি চালাতে।

এর আগে গতকাল সোমবার গভীর রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট শুরু হয় বলে স্থানীয়রা জানান। মঙ্গলবার সকাল থেকেই মুজগুন্নী, গল্লামারী, খালাসির মোড়সহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনের সামনে যানবাহনের চাপ বাড়তে থাকে। মুজগুন্নীতে দীর্ঘ সারির কারণে ব্যস্ত সড়কের এক পাশেও যান চলাচল ব্যাহত হয়।

দুপুর থেকে মুজগুন্নীর ডিএম অটো ফিলিং অ্যান্ড গ্যাস সাপ্লাই স্টেশনে অপেক্ষায় থাকা সিএনজিচালক ইদ্রিস বলেন, দুপুর ১২টা থেকে তিনি সিরিয়ালে রয়েছেন। বিকেল পর্যন্তও গ্যাস পাননি। সাধারণত সকাল ৮টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত গাড়ি চালিয়ে আয় করেন তিনি। ইদ্রিস বলেন, ‘আজকের দিনের ইনকাম শেষ। গাড়ি চালাতে পারিনি।

গ্যাস না পেয়ে গাড়ি ভ্যানে করে নিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ভ্যানচালককে দিতে হয়েছে ২০০ টাকা। তার প্রশ্ন, আমরা এই আয় করে সংসার চালাই। আজ গাড়ি বন্ধ থাকায় সংসার চালাব কীভাবে?

আরেক সিএনজিচালক সিদ্দিকুর রহমান বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে তা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে রেখে হয়রানি করা উচিত নয়। দ্রুত গ্যাসের সংকট সমাধানের দাবি জানান তিনি।

তবে সংকট শুধু সিএনজিতে সীমাবদ্ধ নয়। এলপিজির সরবরাহেও একই পরিস্থিতি দেখা গেছে। গাড়ির মালিক আরিফ আহমেদ বলেন, সোমবার খুলনা থেকে ডুমুরিয়া যাওয়ার পথে জিরো পয়েন্টসংলগ্ন খালাসির মোড়ের মারিয়া পেট্রোল পাম্পে এলপিজি নিতে গিয়ে তিনি গ্যাস পাননি। ফেরার পথে গাড়ির এলপিজি শেষ হয়ে গেলে বাধ্য হয়ে অকটেনে গাড়ি চালাতে হয়।

গাড়ির মালিক আব্দুল ওয়াদুদ বলেন, মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা, গল্লামারী, খালাসির মোড় ও ময়ূরী আবাসিক এলাকার আশপাশের কয়েকটি এলপিজি স্টেশনে ঘুরেও গ্যাস পাননি। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন চালক রিয়াজ শাওন।

মেট্রোপলিটন ফিলিং স্টেশনের মালিক অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি এশিয়া পোস্টকে বলেন, কয়েক দিন ধরে এলপিজি সরবরাহে সংকট চলছে। বিভিন্ন কোম্পানি চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানও নিয়মিত সরবরাহ দিতে পারছে না।

তিনি বলেন, সাধারণত চার-পাঁচ হাজার লিটার গ্যাসের জন্য পে-অর্ডার করা হয়। কিন্তু সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। অন্য অনেক কোম্পানিও গ্যাস আনতে পারছে না। ফলে সংকট তীব্র হয়েছে।

মাসুদ হোসেন রনি আরও বলেন, ঝড়ের কারণে জাহাজ চলাচলে সাময়িক বিঘ্নসহ বিভিন্ন কারণে সরবরাহব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে তার কথা হয়েছে। এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে তাকে জানানো হয়েছে।