ইয়াবাসহ গ্রেপ্তার নারীর এক বছর কারাদণ্ড

ফরিদপুর সদর উপজেলায় এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে এক বছরের কারাদওেণ্ডর পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নিজ বসতবাড়ির সামনের গলি থেকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাকে গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত বিষয়টি সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে নিষ্পত্তি করে আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করেন।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরীন আক্তার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।



