logo

গোপনে পাঁচ শতাধিক গাছ বিক্রি করে দিলেন সমবায় সমিতির সভাপতি

গোপনে পাঁচ শতাধিক গাছ বিক্রি করে দিলেন সমবায় সমিতির সভাপতি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গোপনে পাঁচ শতাধিক গাছ বিক্রি করে দিলেন সমবায় সমিতির সভাপতি। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের একটি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে দরপত্র ছাড়াই গোপনে পাঁচ শতাধিক ইউক্যালিপটাস গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির সুবিধাভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (ঠাকুরপাড়া) সমবায় সমিতির ৩৮ জন সদস্যের উদ্যোগে ২০০৯ সালে একই ইউনিয়নের জামালপুর বাজার থেকে দক্ষিণে কাজিরবাড়ী পর্যন্ত রাস্তার দুই পাশে পাঁচ শতাধিক ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়।

Advertisement

নিয়ম অনুযায়ী, গাছ বিক্রির সময় বন বিভাগ দাম নির্ধারণ করবে এবং দরপত্রের আহ্বান করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চুক্তি অনুযায়ী, সদস্যরা গাছগুলো দেখভাল করেন। এ ছাড়া গাছ বিক্রির টাকা সাধারণত ৬০ শতাংশ স্থানীয় উপকারভোগী কমিটি, ২০ শতাংশ স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং ১০ শতাংশ মালিকদের মধ্যে ভাগ করে দেওয়ার নিয়ম রয়েছে। তবে এ নিয়ম অনুসরণ করা হয়নি।

সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম ও তার সহযোগীরা অন্য সদস্যদের না জানিয়ে গোপনে চেয়ারম্যানের কাছে গাছ কাটার আবেদন করেন। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর ছাদেকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে কাউকে কিছু না জানিয়ে গাছগুলো বিক্রি করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গাছ কাটার খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তাড়াহুড়া করে ব্যাপারীর লোকজন গাছ কেটে ট্রাক ও ট্রলিতে করে নিয়ে যাচ্ছেন। গত সোমবার সকাল থেকে বেলা ৩টার মধ্যে তিন শতাধিক গাছ কাটা হয়েছে। বাকি গাছগুলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে।

এ বিষয়ে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানুদ রানা বলেন, গাছ বিক্রির বিষয়ে শুনেছেন। তবে পরিষদে কোনো অর্থ জমা হয়নি। অনেকে দরপত্রের কাগজপত্র দেখতে এসেছিলেন। তাদের সমিতির সভাপতি ছাদেকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। তিনি নাকি টালবাহানা করছেন।

কাঠ ব্যবসায়ী গোবিন্দগঞ্জ পৌরশহরের আব্দুল মান্নান বলেন, তিনি গাছগুলো নেওয়ার জন্য সভাপতির কাছে গিয়েছিলেন। ১৪ লাখ টাকা দামও বলেছিলেন। তবে সভাপতি আরও বেশি দাম চেয়েছেন। এখন শুনছেন, ৩ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো বিক্রি হয়েছে।

সমিতির সদস্য আয়নাল হক বলেন, সভাপতি ছাদেকুল ইসলাম সমিতির সদস্যদের জানিয়েছেন, ৩ লাখ ৭০ হাজার টাকায় গাছ বিক্রি হয়েছে। অন্যদিকে, একজন ব্যাপারী জানিয়েছেন, ১২ লাখ টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে। তারা এখনো কোনো টাকা পাননি। সভাপতি তাদের সঙ্গে জালিয়াতি করেছেন। তারা এ ঘটনার বিচার চান।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন যুবক বলেন, সমবায় সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম জেলা বিএনপির সদস্য। তাই তিনি প্রভাব খাটিয়ে সদস্যদের ফাঁকি দিয়ে গোপনে রাস্তার গাছগুলো ১২ লাখ টাকায় বিক্রি করেছেন। অথচ সমিতির সদস্যদের কাছে ৩ লাখ ৭০ হাজার টাকায় বিক্রির কথা বলেছেন। এ ঘটনার বিহিত হওয়া প্রয়োজন। এ কারণে সদস্যরা (সুবিধাভোগীরা) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

আরেক সদস্য হানিফ মণ্ডল আলী বলেন, যথাযথ নিয়ম না মেনে গাছগুলো বিক্রি করা হয়েছে। গাছের টাকা নিয়ে সদস্যরা তাকে বিভিন্ন কথা বলছেন। মূল্যের ২০ শতাংশ ইউনিয়ন পরিষদে এবং ১০ শতাংশ অর্থ জমির মালিকদেরও দেননি সভাপতি মাহমুদ। তিনি এসবের মধ্যে নেই। গাছগুলো দরপত্রের মাধ্যমে বিক্রি করা হলে আরও বেশি দাম পাওয়া যেত।

সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম বলেন, ইউএনওর সঙ্গে কথা বলে গাছগুলো বিক্রি করেছেন। কত টাকায় গাছ বিক্রি করেছেন জানতে চাইলে তিনি বলেন, বন বিভাগের নির্ধারিত ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যে গাছগুলো বিক্রি হয়েছে। গাছ কাটা শেষ হলে সমিতির সদস্যদের মধ্যে টাকা বণ্টন করা হবে। ১২ লাখ টাকায় বিক্রির অভিযোগ সঠিক নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠের ব্যাপারী (ক্রেতা) বলেন, তার কাছে কোনো কাগজপত্র নেই। তিনি ছাদেকুল ইসলামের কাছ থেকে গাছগুলো কিনেছেন। গাছের দাম জানতে চাইলে তিনি বলেন, ৩ লাখ ৭০ হাজার টাকার বেশি দিয়ে গাছগুলো কিনেছেন।

গোবিন্দগঞ্জ সামাজিক বনায়ন বিভাগের ফরেস্টার মিজানুর রহমান বলেন, সম্প্রতি তিনি অবসরে গেছেন। ওই গাছগুলো বছর তিনেক আগে নম্বর করেছিলেন। গাছের দাম কম-বেশি হতে পারে। তবে সরকারি জায়গার গাছ দরপত্র ছাড়া বিক্রির কোনো সুযোগ নেই।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে গাছ কাটা বন্ধ রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ইউএনও ইয়াসমিন সুলতানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। গাছ কর্তনের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।