logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কিশোরগঞ্জে অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ

কিশোরগঞ্জে অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ
কিশোরগঞ্জে অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের ইটনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট ও ৩ বস্তা পটাশ সার জব্দ করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেলের হেফাজতে রাখা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধভাবে সার মজুতের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। তবে এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো জানা যায়নি।

ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করলে বা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেল বলেন, জব্দ করা ১৫৮ বস্তা সার তার হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সারগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।